১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

১১০ মিটার হার্ডলসে বিশ্ব রেকর্ড গড়ে বাকরুদ্ধ থার্প

‘এমন কিছু আমার কল্পনায়ও ছিল না, একেবারেই না’, বললেন যুক্তরাষ্ট্রের ২০ বছর বয়সী এই হার্ডলার।

১১০ মিটার হার্ডলসে বিশ্ব রেকর্ড গড়ে বাকরুদ্ধ থার্প
জুকোবি থার্প। ছবি: ওয়ার্ল্ড অ্যাথলেটিকস এক্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2026, 05:25 PM

Updated : 11 Sep 2026, 03:23 PM

আমেরিকান কলেজ চ্যাম্পিয়নশিপের হিটে ১১০ মিটার হার্ডলসে বিশ্ব রেকর্ড গড়েছেন জুকোবি থার্প। এমন সাফল্য পেয়ে যেন ভাষা খুঁজে পাচ্ছেন যুক্তরাষ্ট্রের ২০ বছর বয়সী এই হার্ডলার। 

ওরেগনের ইউজিনে বুধবার ন্যাশনাল কলেজিয়েট অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন (এনসিএএ) ইভেন্টে থার্প দৌড় শেষ করতে সময় নেন ১২.৭৫ সেকেন্ড। 

আগের রেকর্ডটি ছিল ১২.৮০ সেকেন্ড, ২০১২ সালের সেপ্টেম্বরে ব্রাসেলসে গড়েছিলেন যুক্তরাষ্ট্রেরই অ্যারিস মেরিট।

৫০ বছরের মধ্যে থার্পই প্রথম ক্রীড়াবিদ, যিনি এনসিএএ চ্যাম্পিয়নশিপে বিশ্ব রেকর্ড গড়লেন।

তার আগের সেরা সময় ছিল ১৩.০১ সেকেন্ড। সেটি ছাড়িয়ে যাওয়ার স্বপ্ন নিয়েই তিনি এই প্রতিযোগিতায় আসেন। কিন্তু বিশ্ব রেকর্ড গড়ে ফেলবেন, তা কল্পনাও করেননি।

“জানতাম আমি অবিশ্বাস্য কিছু একটা করে ফেলব। নিজের সামর্থ্য সম্পর্কে জানতাম, কিন্তু এটার (রেকর্ড) ব্যাপারে জানতাম না। এই প্রতিযোগিতার জন্য এমন কিছু আমার কল্পনায়ও ছিল না, একেবারেই না। সত্যি বলতে আমি বাকরুদ্ধ।”

অনূর্ধ্ব-২০ বিশ্ব চ্যাম্পিয়ন থার্প টোকিওতে অনুষ্ঠিত ২০২৫ বিশ্ব চ্যাম্পিয়নশিপের ১১০ মিটার হার্ডলস ফাইনালে অংশ নিয়ে ষষ্ঠ হয়েছিলেন।