১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মেসিদের সাবেক কোচ ফিরলেন পুরোনো ক্লাবে

তার কোচিংয়েই ২০১৮ সালে এমএলএস কাপ জিতেছিল আটলান্টা ইউনাইটেড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2025, 03:52 PM

Updated : 26 Aug 2026, 02:37 PM

এক বছর বাইরে থাকার পর আবার কোচিংয়ে ফিরছেন জেরার্দো ‘তাতা’ মার্তিনো। মেজর লিগ সকারেই শুরু হচ্ছে তার নতুন অধ্যায়। যে ক্লাবকে তিনি সাফল্য এনে দিয়েছেন সাত বছর আগে, সেই আটলান্টা ইউনাটেডের কোচ হিসেবেই আবার দায়িত্ব নিয়েছেন এই আর্জেন্টাইন কোচ।

মেজর লিগ সকারের ক্লাবটির সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন ৬২ বছর বয়সী কোচ।

সবশেষ তিনি কোচিং করিয়েছেন এই লিগেরই দল ইন্টার মায়ামিকে। লিওনেল মেসি এখানে আসার পর মার্তিনোর কোচিংয়েই ২০২৩ লিগস কাপ জয় করে ক্লাবটি, যা ছিল তাদের প্রথম শিরোপা। গত বছর মেজর লিগ সকারের নিয়মিত মৌসুমে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড গড়ে মায়ামি জিতে নেয় সাপোর্টার্স শিল্ড। 

তবে লিগ ট্রফির মূল লড়াই এমএলএস কাপের প্রথম রাউন্ডের প্লেঅফেই মায়ামি হেরে যায় আটলান্টা ইউনাইটেডের কাছে। এর পরপরই ‘ব্যক্তিগত’ কারণে সরে দাঁড়ান কোচ মার্তিনো।

এবার তিনি দায়িত্ব পেলেন সেই আটলান্টার। তার কোচিংয়ে ২০১৮ সালে এমএলএস কাপ চ্যাম্পিয়ন হয়েছিল আটলান্টা।

২৭ বছরের কোচিং ক্যারিয়ারে মার্তিনোর অভিজ্ঞতা অনেক। ১৯৯৮ সালে নিজ দেশ আর্জেন্টিনায় শুরু তার কোচিং ক্যারিয়ার। লাতিন আমেরিকার নানা ক্লাবে কোচিং করিয়ে প্রথম বড় দায়িত্ব পান তিনি প্যারাগুয়ে জাতীয় দলে। পরে নানা সময়ে বার্সেলোনা, আর্জেন্টিনা জাতীয় দল, মেক্সিকো জাতীয় দলের কোচ ছিলেন তিনি। তার কোচিংয়ে দুবার কোপা আমেরিকায় রানার্স আপ হয় আর্জেন্টিনা, একবার রানার্স আপ হয় প্যারাগুয়ে, গোল্ড কাপের শিরোপা জয় করে মেক্সিকো। বার্সেলোনায় অবশ্য স্প্যানিশ সুপার কাপ ছাড়া আর কোনো সাফল্য তিনি পাননি।

আটলান্টার জন্য এবারের মৌসুম ছিল চরম হতাশার। ইস্টার্ন কনফারেফেন্সে ৩৪ ম্যাচে মাত্র ২৮ পয়েন্ট নিয়ে তলানি থেকে দুইয়ে মৌসুম শেষ করেছে তারা। পরে সরিয়ে দেওয়া হয় কোচ রনি ডেইলাকে। সেই দলকে টেনে তোলার চ্যালেঞ্জ এখন মার্তিনোর।