ইচ্ছাকৃত ড্রয়ের গুঞ্জন উড়িয়ে ক্ষোভ ঝাড়লেন রোমানিয়া কোচ
মর্যাদা ক্ষুণ্ণ করার মতো মন্তব্যে রেগে আগুন রোমানিয়া কোচ এদওয়ার্দ ইয়োরদানেস্কু।
শেষ ম্যাচে ড্র করলেই রোমানিয়া ও স্লোভাকিয়ার মিলবে শেষ ষোলোর টিকেট, এমন সমীকরণে দল দুটি নিরাপদে খেলে পয়েন্ট ভাগাভাগির পথে হাঁটতে পারে- এমন গুঞ্জন চাউর হওয়ায় ম্যাচ শেষে ক্ষোভ ঝাড়লেন রোমানিয়া কোচ এদওয়ার্দ ইয়োরদানেস্কু।
ফ্রাঙ্কফুর্টে বুধবার রাতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের শেষ রাউন্ডে মুখোমুখি হয় রোমানিয়া ও স্লোভাকিয়া। ম্যাচটি শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়। তবে দুই দলের খেলায় ছাড় দেওয়ার কোনো মানসিকতা দেখা যায়নি। বরং গোলের জন্য শেষ পর্যন্ত চেষ্টা করে তারা।
পুরো ম্যাচে গোলের জন্য স্লোভাকিয়ার ১৩ শটের বিপরীতে রোমানিয়া নেয় ৯টি শট। দুই দল মিলিয়ে লক্ষ্যে রাখতে পারে ৯টি শট। ৩৪তম মিনিটে অন্দ্রেই দুদার স্লোভাকিয়াকে এগিয়ে নেওয়ার ১৩ মিনিট পর সফল স্পট কিকে সমতা টানেন রাজভান মারিন।
এরপর প্রাণপন চেষ্টা করেও আর গোলের দেখা পায়নি কোনো দল। একটি করে পয়েন্ট ভাগাভাগি করে তারা। একইসময়ে গ্রুপের অন্য ম্যাচে গোলশূন্য ড্র করে বেলজিয়াম ও ইউক্রেইন। ফলে ইউরোর ইতিহাসে কোনো গ্রুপে প্রথমবার চার দলেরই দাঁড়ায় সমান ৪ পয়েন্ট।
গোল ব্যবধানে বেলজিয়ামের সঙ্গে রোমানিয়ার সমতা দেখা যায়। তবে বেশি গোল করায় গ্রুপ চ্যাম্পিয়ন হয় ইয়োরদানেস্কুর দল। গ্রুপ রানার্সআপ হয়ে পরের ধাপে ওঠে বেলজিয়াম। আর তৃতীয় সেরা দলের একটি হয়ে শেষ ষোলোর টিকেট পায় স্লোভাকিয়া। ৪ পয়েন্ট পেয়েও কপাল পোড়ে ইউক্রেইনের।
সম্ভাব্য এই সমীকরণের জেরেই রোমানিয়া ও স্লোভাকিয়া ম্যাচের আগে চাউর হয় ওই গুঞ্জন, যা একদমই পছন্দ হয়নি রোমানিয়া কোচের।
"আমার বিশ্বাস, সবাই ভালোমতো দেখেছে যে, দুই দলই ৮০ মিনিট পর্যন্ত নিজেদের সবটা দিয়ে খেলেছে। সবাই নিজেদের সেরাটা দিয়েছে। খেলার আগে যে কোনো কিছু বলা, কোনো দল এবং এর ফুটবলার, আমাদের কাজ ও মর্যাদার ওপর কাঁদা ছোড়া খুবই হতাশার।"
"তাদের অন্তত অপেক্ষা করা উচিত ছিল। খেলা দেখে আমাদের মূল্যায়ন করা উচিত ছিল। খুবই হতাশাজনক ঘটনা। একদমই ভালো কিছু না। তারা শুধু আমাদের নিয়ে নোংরা মন্তব্য করেনি, এই দল, সমর্থক, সবার উদ্দেশ্যেই করেছে।"
নিজেদের প্রথম ম্যাচে ইউক্রেইনকে ৩-০ গোলে হারিয়েছিল রোমানিয়া। পরে বেলজিয়ামের বিপক্ষে তারা হেরে যায় ২-০ ব্যবধানে। স্লোভাকিয়ার বিপক্ষেও জয়ের জন্য নেমেছিলেন জানিয়ে ইয়োরদানেস্কু বলেন, ড্রয়ের জন্য খেলার চেয়ে বরং হেরে গেলেও সম্মান ধরে রেখে বাড়ি ফিরতেন তারা।
"আমরা আমাদের জাত চিনিয়েছি। রোমানিয়া সবসময় নিজেদের মান ধরে রেখে লড়াই করে। এতে আমরা যদি হেরে বিদায় নিতাম, তাহলে ফিরেই যেতাম, তবে সেটা নিজেদের মর্যাদা অক্ষুণ্ণ রেখে।"
আগামী মঙ্গলবার শেষ ষোলোর ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে রোমানিয়া।
