উজবেকিস্তানের বিপক্ষে হেরে এশিয়ান কাপ বাছাই শুরু যুবাদের
বেশ কয়েকটি সেভ করলেও শেষ পর্যন্ত দলের ত্রাতা হতে পারেননি গোলকিপার রাজ চৌধুরী।
উজবেকিস্তানের আক্রমণের সামনে দেয়াল হয়ে দাঁড়ালেন গোলকিপার রাজ চৌধুরী। কিন্তু তার প্রতিরোধের দেয়ালেও ধরল চিড়। প্রথমার্ধে পিছিয়ে পড়া বাংলাদেশ দ্বিতীয়ার্ধের শুরুতে হজম করল আরেকটি। বাকি সময়ে আর খুঁজে পেল না ঘুরে দাঁড়ানোর পথ। হার দিয়ে শুরু করল এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই।
তাসখন্দের দস্তলিক স্টেডিয়ামে সোমবার ‘বি’ গ্রুপের ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ।
শুরু থেকেই চাপ দিতে থাকে উজবেকিস্তান। দ্বাদশ মিনিটে বক্সের বাইরে থেকে অধিনায়ক আজিজবেক তুলকিনবেকোভের শট যায় ক্রসবারের অনেকটা ওপর দিয়ে।
এরপর দুটি সেভ করে বাংলাদেশকে স্বস্তিতে রাখেন গোলকিপার রাজ। চতুর্দশ মিনিটে কুভানিসবেক সাইদালিয়েভের শট ঝাঁপিয়ে এবং দুই মিনিট পর বক্সের ভেতর থেকে আবরায়েভ কুভোনচবেকের শট আটকান তিনি।
২০তম মিনিটে আর পারেননি রাজ। বাঁদিক দিয়ে বক্সে ঢুকে আসিলবেকের জোরাল শট আব্দুল রিয়াদ ফাহিম বুক দিয়ে ফেরালে বল চলে যায় সাইদালিয়েভের কাছে। তার শট রাইসুল ইসলাম রাহিদের গায়ে লেগে জালে জড়ায়।
প্রথমার্ধের শেষ দিকে উজবেকিস্তান ব্যবধান দ্বিগুণ করতে চাপ বাড়ায়। ৪০তম মিনিটে ওয়ান অন ওয়ান পরিস্থিতিতে আসিলবেকের শট আটকান রাজ।
বিরতির পর প্রথম মিনিটেই দ্বিতীয় গোল পায় উজবেকিস্তান। সাইদালিয়েভের ক্রসে নিখুঁত হেডে লক্ষ্যভেদ করেন আবরায়েভ কুভোনচবেক।
দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে তেমন মরিয়া ছিল না উজবেকিস্তান। ৭৫তম মিনিটে দিলশোধবেকভের দূরপাল্লার শট যায় ক্রসবারের ওপর দিয়ে।
৮৩তম মিনিটে সুবর্ণ সুযোগ পান অপু রহমান। ডিফেন্ডারের বাধা এড়িয়ে গোলকিপারকে একা পেয়ে গিয়েছিলেন বদলি নামা এই ফরোয়ার্ড। কিন্তু তালগোল পাকিয়ে শটই নিতে পারেননি; পড়ে যান ভারসাম্য হারিয়ে। গোলকিপার দ্রুত বেরিয়ে এসে ক্লিয়ার করেন। তাতে বাংলাদেশও পায়নি গোল।
বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার সিরিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ভারতের বিপক্ষে শেষ দিকের গোলে ১-০ ব্যবধানে হেরে বাছাই শুরু করেছে সিরিয়া।
আট গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা সাত রানার্সআপসহ মোট ১৫ দল যাবে মূল পর্বে। আগামী বছর এই আসরের আয়োজক হিসেবে চীন খেলবে সরাসরি।
