১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অ্যামুরিকে ছাঁটাই করে বিশাল অঙ্কের গচ্চা ইউনাইটেডের

শুরুতে তাকে পেতেও ম্যানচেস্টার ইউনাইটেডের বড় অঙ্কের অর্থ খরচ হয়েছিল।

অ্যামুরিকে ছাঁটাই করে বিশাল অঙ্কের গচ্চা ইউনাইটেডের
হুবেন অ্যামুরি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2026, 05:35 PM

Updated : 26 Aug 2026, 03:02 PM

চুক্তির মেয়াদের অনেকটা সময় বাকি থাকতে হুবেন অ্যামুরিকে বরখাস্ত করায় ম্যানচেস্টার ইউনাইটেডের যে বিশাল অঙ্কের ক্ষতি হবে, সেই ধারণা ছিলই। সেটাই এবার নিশ্চিত হলো; এই পর্তুগিজ কোচকে ছাঁটাই করার ফলে এক কোটি ৬০ লাখ পাউন্ড খরচ হয়েছে ক্লাবটির।

অনেক মৌসুম ধরেই ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া ইউনাইটেডকে পথে ফেরাতে ২০২৪ সালের নভেম্বরে দায়িত্ব পান অ্যামুরি। কিন্তু তিনিও পারেননি দলটিকে ছন্দে ফেরাতে। উল্টো গত ৪ জানুয়ারি ক্লাব কর্তাদের প্রকাশ্যে কড়া ভাষায় সমালোচনা করেন তিনি এবং পরদিনই তাকে বরখাস্ত করা হয়।

২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তির মেয়াদ বাকি ছিল অ্যামুরির। এত আগে চুক্তি ভঙ্গ করার কারণেই ইউনাইটেডের ক্ষতির পরিমাণটা বেশ বড়।

২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অর্থবছরের দ্বিতীয়-ত্রৈমাসিকে তিন কোটি ২৬ লাখ পাউন্ড লাভ করার হিসাব গত বুধবার তুলে ধরে ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি। এর পরদিন, অ্যামুরির সঙ্গে চুক্তি শেষ করতে গিয়ে ওই পরিমাণ অর্থ খরচের হিসাবটি তুলে ধরে ইউনাইটেড।

ইউনাইটেড থেকে ছাঁটাই হওয়ার পর থেকে এখন পর্যন্ত, ক্যারিয়ারের এই অধ্যায় নিয়ে এখনও প্রকাশ্যে কথা বলেননি অ্যামুরি।

ইউনাইটেড শিবিরে আসা-যাওয়া মিলিয়ে ৪১ বছর বয়সী এই কোচ খুব ব্যয়বহুল প্রকল্প হিসেসেই বিবেচিত হবে। 

শুরুতে তাকে পেতেও ইউনাইটেডের বড় অঙ্কের অর্থ খরচ হয়েছিল; তার সাবেক ক্লাব বেনফিকাকে দিতে হয়েছিল এক কোটি ১০ লাখ পাউন্ড। অ্যামুরি যার উত্তরর্সূরি হয়ে প্রিমিয়ার লিগের ক্লাবটিতে এসেছিলেন, সেই এরিক টেন হাগকে ছাঁটাই করতে ক্লাবটির খরচ হয়েছিল এক কোটি চার লাখ পাউন্ড।

২০১৪ সালে দলটির প্রধান কোচের পদে মাত্র আট মাস টিকেছিলেন ডেভিড ময়েস, তার পর থেকে সবচেয়ে কম সময় থাকতে পারলেন অ্যামুরি। এই অল্প সময়ের জন্যই তার পেছনে ইউনাইটেডের প্রায় তিন কোটি ৭৩ লাখ পাউন্ড খরচ হয়েছে।  

অ্যামুরির কোচিংয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬৩ ম্যাচ খেলে কেবল ২৫টি জিততে পেরেছিল ইউনাইটেড।