Published : 04 Aug 2026, 11:20 AM
গন্সালো গার্সিয়া দলবদল নিয়ে জোর গুঞ্জন ছিল বেশ কদিন ধরেই। আনুষ্ঠানিকতার পালায় তার সঙ্গে যুক্ত হলেন সেসার পালাসিওস। রেয়াল মাদ্রিদের দুই তরুণ ফুটবলার পাড়ি জমালেন ফুলহ্যামে।
ফুলহ্যাম সোমবার বিবৃতিতে জানায়, দুজনের সঙ্গেই তাদের চুক্তি পাঁচ বছরের।
বলার অপেক্ষা রাখে না, দুই তরুণকে নতুন ঠিকানায় নিয়ে আসায় মূল ভূমিকা কোচ আলভারো আরবেলোয়ার। রেয়ালের সাবেক কোচ একসময় দুজনকেই কোচিং করিয়েছেন রেয়ালের যুব দলে। দুজনকেই তিনি চেনেন খুব ভালোভাবে।
চুক্তির আর্থিক বিষয়াদি প্রকাশ করা হয়নি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর, গার্সিয়াকে পেতে ৩ কোটি ৪০ লাখ পাউন্ড (প্রায় সাড়ে চার কোটি মার্কিন ডলার) খরচ হয়েছে ফুলহ্যামের। পালাসিওসকে নিয়েছে তারা ৮৫ লাখ পাউন্ডে।
ছেলেবেলায় তিনটি একাডেমি ঘুরে ১০ বছর বয়সে রেয়াল মাদ্রিদের একাডেমিতে পা রাখেন গার্সিয়া। পারিবারিক কারণে ২০১৮ সালে যদিও মায়োর্কার একাডেমিতে চলে যান, তবে পরের বছরই আবার রেয়ালের একাডেমিতে ফিরে আসেন। ২০২২ সালে কাস্তিয়া বা রেয়ালের ‘বি’ দলে তার অভিষেক। পরের বছর অভিষেক মূল দলে।
তখনও অবশ্য তিনি মূলত কাস্তিয়াতেই ছিলেন। ২০২৪-২৫ মৌসুমে ২৫ গোল করে স্পর্শ করেন কাস্তিয়ার হয়ে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড। এরপর তাকে গত মৌসুমে মূল দলে নিয়ে আসেন শাবি আলোন্সো। ক্লাব বিশ্বকাপে চমকপ্রদ পারফরম্যান্সে নজর কাড়েন। তার সঙ্গে ২০৩০ পর্যন্ত চুক্তি করে রেয়াল। গত জানুয়ারিতে লা লিগায় হ্যাটট্রিকও করেন রেয়াল বেতিসের বিপক্ষে।
তবে জোসে মরিনিয়ে কোচ হয়ে আসার পর নানা পালাবদলের পালায় গার্সিয়াকে ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, অনুশীলনে তাকে দেখে দলে রাখতে চেয়েছিলেন মরিনিয়ো। তবে ২২ বছল বয়সী স্ট্রাইকারের চাওয়া ছিল নিয়মিত খেলার সুযোগ, তারকায় ঠাসা রেয়ালে সেই চাওয়া পূরণ হওয়ার সুযোগ সামান্যই। নিয়মিত খেলার আশাতেই চলে গেলেন প্রিমিয়ার লিগে।
সব প্রতিযোগিতা মিলিয়ে রেয়ালের জার্সিতে ৫১ ম্যাচে ১৩ গোল করেছেন গার্সিয়া। ২০২৪ সালের লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন দলের অংশ ছিলেন তিনি।
পালাসিওসের শুরু নুমান্সিয়ার একাডেমি হয়ে। সেখানে ১০ বছর কাটিয়ে ১৬ বছর বয়সে চলে আসেন রেয়ালের একাডেমিতে। কাস্তিয়ায় খেলা শুরু করেন ২০২৩ সাল থেকে। মূল দলে অভিষেক গত জানুয়ারিতে কোপা দেল রের ম্যাচ দিয়ে। ২১ বছর বয়সী মিডফিল্ডার রেয়ালের জার্সিতে মাঠে নেমেছেন সাতবার।
আগামী ২৪ অগাস্ট ঘরের মাঠে চেলসির বিপক্ষে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগ শুরু করবে ফুলহ্যাম।