Published : 06 Jul 2026, 05:37 PM
আসতেকা স্টেডিয়াম মেক্সিকোর দূর্গ, এই মাঠে দিয়েগো মারাদোনার পর আর কেউ করতে পারেননি জোড়া গোল। সেই রেকর্ডে এবার ভাগ বসিয়েছেন ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম।
মেক্সিকোকে ৩-২ গোলে হারানোর ম্যাচে নিজে গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেছেন হ্যারি কেইন। ২০২৫-২৬ মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে মোট ৬৩ ম্যাচে ৮১ গোলে অবদান রেখেছেন ইংলিশ অধিনায়ক।
ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচে হওয়া রেকর্ড-কীর্তিগুলো তুলে ধরা হলো-
১
বিশ্বকাপে প্রথম দল হিসেবে আসতেকা স্টেডিয়ামে মেক্সিকোকে হারালো ইংল্যান্ড। এর আগে টানা ১০ ম্যাচ এই মাঠে অপরাজিত ছিল মেক্সিকো।
১
১৯৬৬ সাল থেকে বিশ্বকাপে পেনাল্টি থেকে গোল করার পাশাপাশি প্রতিপক্ষকে পেনাল্টি উপহার দেওয়া প্রথম ফুটবলার হ্যারি কেইন। এছাড়া গত ৬০ বছরে প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে বিশ্বকাপের নকআউট ম্যাচে গোল ও অ্যাসিস্ট করেছেন তিনি।
২
আসতেকা স্টেডিয়ামে ১৯৮৬ বিশ্বকাপের সেমি-ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে জোড়া গোল করেছিলেন দিয়েগো মারাদোনা। আর্জেন্টাইন জাদুকরের পর প্রথম ফুটবলার হিসেবে এই মাঠে জোড়া গোল করলেন জুড বেলিংহ্যাম।
৩
১৯৯৯ সালের পর প্রথমবার আসতেকা স্টেডিয়ামে তিন গোল হজম করল মেক্সিকো। এই মাঠে আগের ১০ বিশ্বকাপ ম্যাচে কেবল দুটি গোল হজম করেছিল তারা।
৫
এবারের বিশ্বকাপে মোট পাঁচ গোলে অবদান রেখেছেন বেলিংহ্যাম। ১৯৬৬ সাল থেকে ইংলিশ ফুটবলার হিসেবে এক আসরে দ্বিতীয় সর্বোচ্চ গোলে অবদান রাখার রেকর্ড।
৬
নকআউট পর্বে ইংল্যান্ডের হয়ে গ্যারি লিনেকারের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোল এখন কেইনের (৬ গোল)।
১১
১১তম বারের মতো বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করল ইংল্যান্ড। তাদের চেয়ে বেশিবার কোয়ার্টার-ফাইনাল খেলেছে ব্রাজিল (১৫) ও জার্মানি (১৪)।
৩৩.২%
মেক্সিকোর বিপক্ষে ইংল্যান্ড মাত্র ৩৩.২ শতাংশ সময় বল দখলে রেখেছিল। ১৯৬৬ সালে থেকে বিশ্বকাপ ইতিহাসে এটাই তাদের সবচেয়ে কম বল দখলের রেকর্ড। এই ম্যাচে ৪৮ বার বল ক্লিয়ার করেছে তারা। ১৯৯০ সালে বেলজিয়ামের বিপক্ষে ৫৪ বার বল ক্লিয়ার করেছিল দলটি।
৮১
২০২৫-২৬ মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৬৩ ম্যাচে ৮১ গোলে অবদান রেখেছেন কেইন।