২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

‘আমরা জানি, এর মূল্য কতখানি’, ফাইনালের আগে বললেন সাউথগেট

অন্যান্য খেলায় ইংল্যান্ডের আগের সব সাফল্যের ছবি দেখিয়ে দলকে উজ্জীবিত করছেন কোচ গ্যারেথ সাউথগেট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2024, 07:55 AM

Updated : 26 Aug 2026, 09:59 AM

কত কিছুর মধ্যেই না মানুষ অনুপ্রেরণা খোঁজে! ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট যেমন খুঁজছেন অন্যান্য খেলায় পাওয়া ইংল্যান্ডের সাফল্যের মাঝে। সেই ছবিগুলো দেখিয়ে হ্যারি কেইন-জুড বেলিংহ্যামদের করছেন উজ্জীবিত। প্রথমবারের মতো এই শিরোপা জয়ের তীব্র আকাঙ্খা বোঝাতে বললেন, “আমরা জানি, এর অর্থ কী।”

বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে রোববার ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। এই শিরোপা তিনবার উঁচিয়ে ধরার সুখকর স্মৃতি আছে স্পেনের। অন্যদিকে, আজও ইংল্যান্ড পায়নি এই ট্রফির স্বাদ।

গত আসরেও ফাইনালের মঞ্চে উঠেছিল ইংল্যান্ড, কিন্তু ইতালির বিপক্ষে হেরে স্বপ্নভঙ্গের হতাশায় পুড়তে হয় তাদের। টানা দ্বিতীয়বার ইউরোর ফাইনালে ওঠা সাউথগেট এবার আর ফিরতে চান না খালি হাতে।

দলকে উদ্বুদ্ধ করতে তাই তিনি বেছে নিয়েছেন ভিন্ন এক পথ। কেইন-বেলিংহ্যামদের দেখাচ্ছেন ট্র্যাফালগার স্কয়ারে ইংল্যান্ডের রাগবি ও ক্রিকেট দলের অতীত সাফল্য উদযাপনের ছবি। ফাইনাল সামনে রেখে সংবাদ সম্মেলনে তিনি বললেন, সবার কাছে ইউরোর সাফল্যের মূল্য কতখানি, তা ভালো করেই জানা আছে তাদের।

“যখন স্বপ্ন দেখবেন, তখন সেই স্বপ্নের শেষটা কেমন হবে, তা নিয়ে আপনি পরিষ্কার একটা চিত্র পেতে চাইবেন।”

“আমি মনে করি, ওই আলোটুকু কারো কারো জন্য আগুনোর ছোট ফুলকির মতো এবং অন্যদের কাছে তা ভিন্ন কিছু। কিন্তু আমরা জানি, দেশের মানুষ এবং এই স্কোয়াডের কাছে এর মূল্য কতখানি?”

অধিনায়ক কেইন অবশ্য অর্থ পরিষ্কার করে দিয়েছেন সংবাদ সম্মেলনে কোচের পাশে বসে। অল্প কথায় তুলে ধরেছেন, ইউরোর আঙিনায় প্রথম সাফল্য পেতে কতটা উন্মুখ হয়ে আছেন তারা।

“এর (শিরোপা জয়) মানে আমাদের কাছে সবকিছু।”