১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বুলগেরিয়াকে উড়িয়েও যে কারণে অসন্তুষ্ট স্প্যানিশরা

লুইস দে লা ফুয়েন্তের বিশ্বাস, তুরস্কের বিপক্ষে আরও ভালো খেলবে তার দল।

বুলগেরিয়াকে উড়িয়েও যে কারণে অসন্তুষ্ট স্প্যানিশরা
স্পেন জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তে। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2025, 07:22 PM

Updated : 26 Aug 2026, 02:14 PM

প্রথমার্ধে দাপুটে ফুটবল খেলা স্পেনকে একই রূপে দেখা গেল না দ্বিতীয় ভাগে। কিছুটা খেই হারিয়ে ফেলেছিল তারা। স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে বললেন, বুলগেরিয়ার বিপক্ষে দুই অর্ধে দুই রকমের পারফরম্যান্সে কিছুটা হতাশ তিনি ও তার খেলোয়াড়রা।

বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে বৃহস্পতিবার শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা বুলগেরিয়ার বিপক্ষে একচেটিয়া আধিপত্য করে স্পেন। ম্যাচটি ৩-০ গোলে জিতে নেয় তারা। তিনটি গোলই হয় প্রথমার্ধে।

ম্যাচের পঞ্চম মিনিটেই স্প্যানিশদের এগিয়ে নেন অধিনায়ক মিকেল ওইয়ারসাবাল। ৩০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডিফেন্ডার মার্ক কুকুরেইয়া। আট মিনিট পর তৃতীয় গোলটি করেন মিডফিল্ডার মিকেল মেরিনো।

দ্বিতীয়ার্ধে যে খারাপ খেলেছে স্পেন, তা নয়। কিন্তু প্রথমার্ধের সেই ধার, গতি কিছুটা কমে যায় তাদের। কয়েকটি সুযোগ হাতছাড়াও হয় তখন। 

পারফরম্যান্সে এই ধারাবাহিকতার অভাব ভালো লাগেনি দে লা ফুয়েন্তের। তবে এর পেছনের কারণও খুঁজে পেয়েছেন তিনি। স্পেন কোচের বিশ্বাস, তুরস্কের বিপক্ষে আরও ভালো করবে তার দল।

“আমরা ভালো খেলেছি, বিশেষ করে প্রথমার্ধে। কিন্তু (দ্বিতীয়ার্ধে) আমাদের সতেজতার ঘাটতি দেখা দেয়। তবে এটা স্বাভাবিক ব্যাপার কারণ কেবলই মৌসুম শুরু করেছি আমরা। আমি নিশ্চিত, তুরস্কের বিপক্ষে ম্যাচটি অন্যরকম হবে এবং আশা করি আমরা ভালো অবস্থায় থাকব।”

“ম্যাচটি সহজ ছিল না। দ্বিতীয়ার্ধ কিছুটা জটিল হয়ে পড়ে। তবে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে আমরা বিরতিতে গিয়েছিলাম, তাতে আমরা স্বস্তিতে ছিলাম। আমরা যা সবসময় করি সেটাই করেছি, আর সেটা হলো, নিজের সামর্থ্যকে কাজে লাগানো এবং প্রতিদিন আরেকটু ভালো করার চেষ্টা করা।”

ম্যাচের দ্বিতীয়ার্ধে পিঠে অস্বস্তি অনুভব করেন লামিনে ইয়ামাল। পরে বার্সেলোনার তারকা ফরোয়ার্ডকে ৭৯তম মিনিটে তুলে নেন দে ফুয়েন্তে। তবে ১৮ বছর বয়সী ইয়ামালের কোনো চোট শঙ্কা নেই বলে ধারণা করছেন কোচ। 

আগামী রোববার ‘ই’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে তুরস্কের মুখোমুখি হবে ২০১০ সালের বিশ্বকাপ জয়ীরা।