Published : 20 Dec 2025, 07:31 PM
শিরোপা লড়াইয়ে থাকা ভিয়ারেয়ালের বিপক্ষে পেদ্রিকে পাচ্ছেন না হান্সি ফ্লিক। গুরুত্বপূর্ণ ম্যাচে মাঝমাঠের সবচেয়ে বড় ভরসার অনুপস্থিতিতে হতাশ বার্সেলোনা কোচ। তবে বছরে নিজেদের শেষ ম্যাচের জন্য অভিজ্ঞ স্ট্রাইকার রবের্ত লেভানদোভস্কিকে পুরোপুরি প্রস্তুত অবস্থায় পাচ্ছেন তিনি।
আগামী রোববার ভিয়ারেয়ালের মুখোমুখি হবে বার্সেলোনা। শুরুতে এই ম্যাচ যুক্তরাষ্ট্রে খেলার সিদ্ধান্ত নিয়েছিল লা লিগা। তবে পরে সিদ্ধান্ত পাল্টে মাদ্রিদেই রাখা হয়।
১৭ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে লা লিগার চূড়ায় আছে বার্সেলোনা। ১৫ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তিনে আছে ভিয়ারেয়াল।
নিজেদের সবশেষ ৬ ম্যাচে জয় পাওয়া দলটির বিপক্ষে পেদ্রির খেলা নিয়ে সংশয় জেগেছিল আগেই। শনিবার সংবাদ সম্মেলনে ফ্লিক নিশ্চিত করলেন, সেই শঙ্কাই সত্যি হয়েছে।
“না, তাকে পাওয়া যাবে না। এ নিয়ে আমি খুশি নই। তবে এটা ফুটবলের অংশ। সে চোট পেয়েছে, তবে আমি মনে করি পরের ম্যাচে সে তৈরি থাকবে। তার হ্যামস্ট্রিংয়ে সমস্যা রয়েছে। সে খেলতে পারবে কিন্তু অনেক বড় ঝুঁকি থাকবে।”
“তার যত্ন নিতে হবে এবং নিশ্চিত করতে যে, সে চিকিৎসা পাচ্ছে। আমরা কোনো ঝুঁকি নিতে পারি না। এই মুহূর্তে এটাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত যেটা আমরা নিতে পারি। তাকে এস্পানিওলের বিপক্ষে পরের ম্যাচে এবং সুপার কাপে আমাদের প্রয়োজন হবে। আমাদের মানিতে হবে, আমাদের দলে মানের কোনো ঘাটতি নেই।”
কাতালানদের জয় দিয়ে বছর শেষ করার ভাবনায় বড় একটা ধাক্কা পেদ্রির চোট। বার্সেলোনার হয়ে মাঝমাঠ এই তরুণ স্প্যানিশ মিডফিল্ডারই নিয়ন্ত্রণ করেন।
তবে আক্রমণভাগ নিয়ে নির্ভার ফ্লিক। অভিজ্ঞ লেভানদোভস্কিকেও ফিরে পেয়েছেন বার্সেলোনা কোচ।
“লেভানদোভস্কি খেলার জন্য প্রস্তুত, এটা একটা ভালো খবর। সে খুব ভালো করছে। কোপা দেল রেতে তাকে নিয়ে আমরা কোনো ঝুঁকি নেইনি।”