১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ক্রীড়া কার্ড পেলেন মোরসালিন-ঋতুপর্ণারা

এবার মোট ১৭১ জনকে ক্রীড়া কার্ড দিয়েছে বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

ক্রীড়া কার্ড পেলেন মোরসালিন-ঋতুপর্ণারা
দ্বিতীয় দফায় ১৭১ জন পেয়েছেন ক্রীড়া কার্ড। ছবি: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2026, 05:08 PM

Updated : 26 Aug 2026, 03:26 PM

ক্রীড়াবিদদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করার জন্য সরকারের চালু করা ক্রীড়া কার্ড এবার পেলেন শেখ মোরসালিন-ঋতুপর্ণা চাকমা-রোমান সরকাররা। দ্বিতীয় দফায় ১৭১ জনের হাতে এই কার্ড তুলে দেওয়া হয়েছে।

পল্টনের জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অডিটোরিয়ামে রোববার আয়োজিত এক অনুষ্ঠানে ১৭১ জন খেলোয়াড়ের হাতে ক্রীড়া কার্ড ও এক লাখ টাকা করে ভাতা তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ নিয়ে সব মিলিয়ে ৩০০ জন ক্রীড়াবিদের হাতে ক্রীড়া কার্ড তুলে দিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

ক্রীড়া কার্ড পেয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জাতীয় দলের ফরোয়ার্ড শেখ মোরসালিন। ক্রীড়া কার্ড হাতে নিয়ে ছবি পোস্ট করে লিখেছেন, দেশের জন্য সেরাটা উজাড় করে দেওয়ার উৎসাহ অনুভব করছেন তিনি।

“আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা তাদের এই শক্তিশালী উদ্যোগের জন্য, যা আমাদের দেশের অ্যাথলেটদের যথাযথ স্বীকৃতি ও মূল্যায়ন করছে। এই উদ্যোগ আমাদের আরও সামনে এগিয়ে যেতে, কঠোর লড়াই করতে এবং বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করবে; দেশের জন্য আমাদের সেরাটা উজাড় করে দিতে উৎসাহিত করবে।”

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা- এই উদ্যোগে আওতায় ক্রীড়া কার্ড চালু করেছে সরকার। উদ্যোগের অংশ হিসেবে পর্যায়ক্রমে মোট ৫০০ জন ক্রীড়াবিদকে এই মাসিক ভাতার আওতায় আনতে চায় তারা। গত ৩০ মার্চ ১২৯ জন খেলোয়াড়ের হাতে কার্ড তুলে দিয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।