Published : 13 Aug 2025, 05:48 PM
প্রাক-মৌসুমে বার্সেলোনার চার ম্যাচের সবকটিতে খেলেছেন মার্কাস র্যাশফোর্ড। তার মতে, এই সময়টা ছিল খুব কঠিন। ইংলিশ ফরোয়ার্ড বলছেন, ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে স্প্যানিশ দলটির সবকিছু একেবারেই আলাদা।
গত মাসে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে বার্সেলোনায় যোগ দেন র্যাশফোর্ড। ‘রেস্ট ইজ ফুটবল পডকাস্ট’-এ ২৭ বছর বয়সী তারকা তুলে ধরলেন, এই দুই দলের মধ্যে পার্থক্য কোথায়।
“আমার জন্য নতুন অভিজ্ঞতা এটা এবং আমি উপভোগ করছি। এখানে তীব্রতা বেশি, ইংলিশ ফুটবল থেকে আলাদা। এটা ব্যাখ্যা করা কঠিন, তবে প্রাক-মৌসুম কঠিন ছিল। অনুশীলনের পর আমি ক্লান্ত ছিলাম।”
“আবহাওয়ারও একটা ভূমিকা আছে। দৌড়ানোর ক্ষেত্রে কঠিন নয়, বল দখলের অনুশীলন ও বলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকার ক্ষেত্রে আরও কঠিন। তীব্রতার কথা বললে আরও জটিল। মৌসুম শুরু হওয়ার ও নতুন দলগুলোর বিপক্ষে খেলার জন্য অধীর হয়ে অপেক্ষা করছি আমি।”
আগামী রোববার লা লিগায় মায়োর্কার বিপক্ষে লড়াই দিয়ে বার্সেলোনার জার্সিতে প্রতিযোগিতামূলক ম্যাচে অভিষেকের আশায় আছেন র্যাশফোর্ড। যদিও তাকে এখনও লিগে নিবন্ধন করতে পারেনি গতবারের চ্যাম্পিয়নরা।