১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভারতের প্রো কাবাডির নিলামে বাংলাদেশের ১০ খেলোয়াড়

আগামী ৩১ মে ও ১ জুন অনুষ্ঠিত হবে প্রো কাবাডি লিগের নিলাম।

ভারতের প্রো কাবাডির নিলামে বাংলাদেশের ১০ খেলোয়াড়
ভারতের প্রো কাবাডির নিলামে এবার বাংলাদেশের এই দশ জনের নাম থাকছে। ছবি: বাংলাদেশ কাবাডি ফেডারেশন

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2025, 06:43 PM

Updated : 26 Aug 2026, 12:45 PM

ভারতের প্রো কাবাডি লিগের দ্বাদশ আসরের জন‍্য অনুষ্ঠেয় নিলামে থাকছেন বাংলাদেশের ১০ খেলোয়াড়। আগামী ৩১ মে ও ১ জুন অনুষ্ঠিত হবে নিলাম। 

দশ জন খেলোয়াড়ের নামের চূড়ান্ত তালিকা মঙ্গলবারের মধ্যে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কাছে চেয়েছিল প্রো কাবাডি লিগের কর্তৃপক্ষ। ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ জানিয়েছেন নিলামের জন‍্য দিয়েছেন মিজানুর রহমান, লিটন আলী, আরিফ রব্বানী, রাসেল হাসান, রাজীব আহমেদ, রোমান হোসাইন, দ্বীপায়ন গোলদার, মনিরুল চৌধুরী, আল আমিন ও শাহ মোহাম্মেদ শাহানের নাম। 

“নতুন কমিটি দায়িত্ব নেয়ার পর আমাদের মাঝে অনেক চ্যালেঞ্জ ছিল। প্রথমত আমরা নেপাল কাবাডি লিগে ছয়জন খেলোয়াড় পাঠিয়েছি। এবার প্রো কাবাডি লিগের নিলামের জন্য আমরা দশজন খেলোয়াড় বাছাই করে তাদের নাম পাঠিয়েছি।”

“খেলোয়াড় বাছাইয়ের ক্ষেত্রে আমাদের একটা সিলেকশন কমিটি রয়েছে। সেই কমিটি সবকিছু যাচাই করে খেলোয়াড় নির্বাচন করেছে। এখানে নিলামে তিনজন খেলোয়াড় প্রাধান্য পাবে যারা সাম্প্রতিক আসরগুলোতে খেলে এসেছে। এই তিনজন খেলোয়াড় হচ্ছে মিজান, লিটন, আরিফ রব্বানী।”

প্রো কাবাডির এবারের নিলামের জন্য ইরানের পরই বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি খেলোয়াড় চাওয়া হয়েছে বলেও জানিয়েছেন সোহাগ।

“প্রো কাবাডির নিলামে এই মুহূর্তে আমরা দ্বিতীয় অবস্থানে আছি। ইরানের পরই আমাদের অবস্থান। আমাদের এখান থেকে দশজন চেয়েছে। নেপাল, কেনিয়া, থাইল্যান্ড সেই সব দেশে আমাদের চেয়ে কম সংখ্যক খেলোয়াড় চাওয়া হয়েছে।”

“প্রো কাবাডিতে খেলোয়াড় পাঠাতে গিয়ে আমাদের অনেক সমস্যা ছিল। সার্ভিসেস দলগুলোর খেলোয়াড়দের যেতে বাধা ছিল। এই বাধা আমরা কাটিয়ে উঠতে পেরেছি নেপালে ছয়জন খেলোয়াড় পাঠিয়ে। সব পরিস্থিতি বিবেচনা করে আশা করছি ভারত থেকে ইতিবাচক সাড়াই আমরা পাব। নিলাম থেকে বেশি সংখ্যক খেলোয়াড়ই সুযোগ পাবে।”