১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৪০ বছরের নয়ারেই সব ভরসা জার্মান কোচের

কুরাসাওয়ের বিপক্ষে তরুণ এক ডিফেন্ডারের বিশ্বকাপ অভিষেক করানোর কথাও জানালেন ইউলিয়ান নাগেলসমান।

৪০ বছরের নয়ারেই সব ভরসা জার্মান কোচের
অনুশীলনে মানুয়েল নয়ার। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2026, 05:30 PM

Updated : 11 Sep 2026, 03:24 PM

জার্সির বুকের বাঁ পাশে চারটি তারকা জ্বলজ্বল করছে। এতে ফুটে উঠছে ফুটবলে জার্মানির শ্রেষ্ঠত্ব আর ঐতিহ্য। তবে, সাম্প্রতিক সময়ে ও বর্তমানের চিত্র বেশ ভিন্ন। গত দুই বিশ্বকাপে ভীষণ হতাশাজনক পারফরম্যান্সও সঙ্গী। সেই সব হতাশা আর ব্যর্থতা পাশে সরিয়ে আবারও বিশ্বকাপে সফল হওয়ার অভিযানে বিশ্বকাপ জয়ী গোলরক্ষক মানুয়েল নয়ারেই আস্থা রাখছেন দলটির কোচ ইউলিয়ান নাগেলসমান।

নয়ারের বয়স হয়ে গেছে ৪০ বছর। ২০২৫-২৬ মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে কয়েকটি ম্যাচে অনাকাঙ্ক্ষিত কিছু ভুলও করেছেন নয়ার। তবুও বিশ্ব মঞ্চের চ্যালেঞ্জ জয়ী হতে অথবা দলকে কক্ষপথে রাখতে বিশ্বকাপ জয়ী এই তারকাকে খুব প্রয়োজন হবে বলেই মনে করেন নাগেলসমান।

বাংলাদেশ সময় রোববার রাত ১১টায় ‘ই’ গ্রুপে কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে উত্তর আমেরিকা বিশ্বকাপে যাত্রা শুরু করতে যাচ্ছে জার্মানি। আগের দিন নাগেলসমান কোনো সংশয় ছাড়াই বলে দিলেন, এই অভিযানে সফল হতে নয়ারকে খুব প্রয়োজন হবে।

“তার ওপর আমাদের আস্থা অনেক। ভালো একটি বিশ্বকাপ কাটাতে, আমাদের সেরা ফর্মের মানুয়েলকে প্রয়োজন এবং আমাদের বিশ্বাস, তিনি তা করতে পারবেন।”

“তার সেই ছন্দ ছিল না, তবে এখন তিনি ছন্দ ফিরে পেয়েছেন।”

২০২৪ সালে ঘরের মাঠে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে পড়ার পরের মাসে জাতীয় দলকে বিদায় জানিয়ে দিয়েছিলেন নয়ার। তবে ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়া দলকে এই মঞ্চে পথে ফেরাতে তার প্রয়োজন অনুভব করেন কোচ এবং তার অনুরোধেই অবসর ভেঙে ফিরে আসেন নয়ার, সরাসরি জায়গা করে নেন বিশ্বকাপ দলে।

গত মাসে নাগেলসমান বিশ্বকাপ দল ঘোষণার পর, দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে জার্মানি; ওই দুই ম্যাচে ফিনল্যান্ডের বিপক্ষে ৪-০ ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২-১ গোলে জিতেছেও তারা। তবে পায়ের পেশির সমস্যায় কোনোটিতেই খেলতে পারেননি নয়ার।

তবে কুরাসাওয়ের বিপক্ষে পোস্টে নয়ারকে রাখার আভাস দিয়ে রাখলেন নাগেলসমান। 

এছাড়া রক্ষণে তরুণ ডিফেন্ডার নাথানিয়েল ব্রাউনকে নামানোর ঘোষণাও দিলেন কোচ। ২২ বছর বয়সী এই লেফট-ব্যাকের এটাই হবে বিশ্বকাপে প্রথম ম্যাচ।