রেয়াল মাদ্রিদ ছাড়ছেন আলাবা
দানি কার্ভাহালের মতো এই ডিফেন্ডারও বিদায় নিচ্ছেন সান্তিয়াগো বের্নাবেউ থেকে।
মৌসুমে নিজেদের শেষ ম্যাচের আগে রেয়াল মাদ্রিদ আরও একজন ডিফেন্ডারের দল ছাড়ার খবর জানাল। দানি কার্ভাহালের মতো আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে সান্তিয়াগো বের্নাবেউ ছাড়বেন ডাভিড আলাবা।
লা লিগার শেষ রাউন্ডে শনিবার বিলবাওয়ের বিপক্ষে খেলবে রেয়াল। এর আগের দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৩৩ বছর বয়সী অস্ট্রিয়ান ডিফেন্ডারের দল ছাড়ার খবর জানায় রেয়াল।
বায়ার্ন মিউনিখ ছেড়ে ২০২১ সালে ফ্রি ট্রান্সফারে ইউরোপের সফলতম ক্লাবটিতে যোগ দেন আলাবা। পাঁচ বছরের বেশি সময়ে রেয়ালের হয়ে ১৩১ ম্যাচ খেলেন তিনি, জেতেন ১১টি শিরোপা।
২০২৩ সালে গুরুতর এসিএল চোটে ৩৯৯ দিন মাঠের বাইরে ছিলেন আলাবা। এরপর ফিরলেও আর সেরা অবস্থায় ফিরতে পারেননি তিনি। চলতি মৌসুমে সব মিলিয়ে তিনি খেলতে পেরেছেন কেবল ৫০৭ মিনিট।
সব মিলিয়ে রেয়ালে শেষের ডাক শুনছিলেন আলাবা। এবার ক্লাব জানাল নবায়ন হচ্ছে না চুক্তি।
রেয়াল অধিনায়ক কার্ভাহালও বিলবাও ম্যাচ দিয়ে বিদায় জানাবেন প্রিয় বের্নাবেউকে।
ভবিষ্যৎ এখনও ঠিক হয়নি আলাবার। দেশের হয়ে আসন্ন বিশ্বকাপে খেলবেন তিনি। এরপরও হয়তো ঠিক করবেন নতুন গন্তব্য।
