Published : 11 Sep 2024, 10:27 AM
ক্লাব ফুটবলে ১৫ বছর কোচিং করানোর পর প্রথমবার আন্তর্জাতিক ফুটবলের চ্যালেঞ্জ নিলেন মাউরিসিও পচেত্তিনো। যুক্তরাষ্ট্র ফুটবল দলের দায়িত্ব নিচ্ছেন আর্জেন্টাইন এই কোচ।
গত জুলাইয়ে গ্রেগ বারহল্টারকে বরখাস্ত করার পর থেকেই কোচ খুঁজছিল ইউএস সকার। মঙ্গলবার তারা ঘোষণা করে পচেত্তিনোর নাম।
পচেত্তিনোর চুক্তির মেয়াদ ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত। সব ঠিক থাকলে দেশের মাঠের বিশ্বকাপে তার কোচিংয়েই খেলবে যুক্তরাষ্ট্র। ওই বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের সহ-স্বাগতিক কানাডা ও মেক্সিকোও।
স্পেন, ইংল্যান্ড ও ফ্রান্সে ক্লাব কোচিং করানো পচেত্তিনো সবশেষ ছিলেন চেলসির দায়িত্বে। সেই অধ্যায় শেষ হয় গত মে মাসে। ৫২ বছর বয়সী সাবেক এই আর্জেন্টাইন ডিফেন্ডার বললেন, দারুণ কিছু অর্জনের তাগিদ থেকেই এই দায়িত্ব নিয়েছেন তিনি।
“যুক্তরাষ্ট্রের ফুটবলে যোগ দেওয়ার সিদ্ধান্তটি আমার জন্য স্রেফ ফুটবলের ব্যাপার নয়, এই দল ও এই দেশ যে পথচলায় আছে, সেই ভ্রমণের সঙ্গী হতে চেয়েছি। সত্যিকার অর্থেই ঐতিহাসিক কিছু অর্জন করার যে প্রাণশক্তি, আবেগ ও তাড়না, সেটিই আমাকে অনুপ্রাণিত করেছে এই দায়িত্ব নিতে।”
“ফুটবলারদের মতোই প্রবল অনুরাগী সমর্থকদের সামনে যুক্তরাষ্ট্র জাতীয় দলকে কোচিং করানোর সুযোগটা ছাড়তে চাইনি। প্রতিভা ও সম্ভাবনায় পরিপূর্ণ একটি দল দেখতে পাচ্ছি আমি এবং একসঙ্গে আমরা বিশেষ কিছু গড়ে তুলতে চাই, যা নিয়ে গোটা জাতি গর্ব করতে পারে।”
পচেত্তিনোর প্রায় ১৫ বছরের খেলোয়াড়ি জীবন শেষ হয় এস্পানিওলের হয়ে ২০০৬ সালে। এই ক্লাবের হয়েই ২০০৯ সালের জানুয়ারিতে শুরু হয় তার কোচিং ক্যারিয়ার। ওই স্কোয়াডে এমন ৯ জন ফুটবলার ছিলেন, যারা খেলোয়াড়ি জীবনে ছিলেন পচেত্তিনোর সতীর্থ। এখানে ছিলেন তিনি ২০১২ পর্যন্ত।
২০১৩ সালে তিনি সাউথ্যাম্পটনের দায়িত্ব নিয়ে পাড়ি জমান ইংলিশ ফুটবলে। পরের বছরই দায়িত্ব নেন টটেনহ্যাম হটস্পারের। তার কোচিংয়ে ২০১৬-১৭ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে রানার্স আপ হয় টটেনহ্যাম, ২০১৮-১৯ মৌসুমে ফাইনালে ওঠে চ্যাম্পিয়ন্স লিগের।
প্রিমিময়ার লিগে ১৪তম স্থানে নেমে যাওয়ার পর ২০১৯ সালের নভেম্বরে তাকে বরখাস্ত করে টটেনহ্যাম। কিছুটা বিরতি দিয়ে ২০২১ সালে জানুয়ারিতে পিএসজির দায়িত্ব দিয়ে আবার ফেরেন তিনি। এখানে লিগ জিতলেও চ্যাম্পিয়ন্স লিগ অধরাই রয়ে যায়। এখানে চুক্তির মেয়াদ বাড়িয় ২০২৩ পর্যন্ত করা হলেও ২০২২ সালেই চলে যেতে হয় তাকে।
গত বছরের মে মাসে দুই বছরের চুক্তিতে তিনি দায়িত্ব নেন চেলসির। এখানেও হতাশাময় মৌসুম শেষে এক বছরেই শেষ হয় দায়িত্ব। পারস্পরিক সমঝোতায় তার ক্লাব ছাড়ার কথা জানানো হয় গত মে মাসে। এবার শুরু করলেন তিনি নতুন অধ্যায়।
গত কোপা আমেরিকায় দেশের মাঠে প্রথম রাউন্ড থেকে যুক্তরাষ্ট্রের বিদায়ের পর কোচের দায়িত্ব থেকে বাদ দেওয়া হয় বারহল্টারকে।
পচেত্তিনোর সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তির বিস্তারিত জানানো হয়নি। তবে দা অ্যাথলেটিক-এর খবর, মেয়াদ শেষ হওয়ার আগে ইউরোপের কোনো ক্লাব তাকে নিতে পারবে না, এমন একটি ধারা আছে চু্ক্তিতে।
পচেত্তিনোকে কোচ ঘোষণার দিনে প্রীতি ম্যাচে নিউ জিল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করে যুক্তরাষ্ট্র। এই নিয়ে টানা চার ম্যাচে তারা জয়হীন। আগামী ১২ অক্টোবর প্রীতি ম্যাচ খেলবে তারা পানামার বিপক্ষে, তিন দিন পর তাদের প্রতিপক্ষ মেক্সিকো।