Published : 12 Sep 2026, 08:56 PM
কোমোর ডাগআউটে সেস্ক ফাব্রেগাস যেভাবে কাজ করছেন, তাতে খুবই খুশি সের্হিও বুসকেতস। সাবেক বার্সেলোনা সতীর্থের উচ্ছ্বসিত প্রশংসা করে তিনি বলেছেন, ভবিষ্যতে কাতালান ক্লাবটির কোচ হওয়ার মতো গুণাবলী ফাব্রেগাসের মধ্যে আছে।
বার্সেলোনার সোনালী যুগে একই ড্রেসিং রুমে ছিলেন এই দুজন। স্পেন জাতীয় দলেও দুজন একসঙ্গে খেলেছেন দীর্ঘ সময়, জিতেছেন বিশ্বকাপ ও ইউরো।
বুসকেতস এই মৌসুমে নতুন ভূমিকায় ফিরেছেন প্রিয় ক্লাবে। গত বছর ফুটবলকে বিদায় বলে দেওয়া ইন্টার মায়ামির সাবেক এই মিডফিল্ডার বার্সেলোনা ‘বি’ দলের সহকারী কোচ হয়েছেন।
অন্যদিকে, ফাব্রেগাস ক্লাব ক্যারিয়ার শেষ করেন কোমোতে ২০২২-২৩ মৌসুমে। পরে এই ক্লাবেই শুরু করেন কোচিং ক্যারিয়ার। ক্লাবের যুব দল, ‘বি’ দল হয়ে ২০২৪ সালে চার বছরের চুক্তিতে দায়িত্ব নেন প্রধান কোচের।
তার হাত ধরেই ২০২৪-২৫ মৌসুমে সেরি আ-তে উঠে আসে কোমো। শীর্ষ ধাপে প্রথম মৌসুমে দশম হয়ে চমকে দেয় তারা। গত মৌসুমে তো এসি মিলান, ইউভেন্তুসের মতো ক্লাবগুলোকে পেছনে ফেলে চতুর্থ হয়ে জায়গা করে নেয় চ্যাম্পিয়ন্স লিগে।
গত বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচেই জার্মান ক্লাব লাইপজিগকে ৪-১ গোলে উড়িয়ে দেয় কোমো।
কোচ হিসেবে ফাব্রেগাসের বিকাশের এই ধারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বুসকেতস। তিনি বলেছেন, শীর্ষ পর্যায়ের কোচরা বিশ্বের সেরা দলগুলোকে কোচিং করানোর জন্য উপযুক্ত এবং ফাব্রেগাস সেই অভিজাত স্তরে পৌঁছানোর পথেই রয়েছেন।
“গ্রেট কোচরা বড় দলগুলোকে কোচিং করাতে পারেন এবং আমি মনে করি, সেস্ক (ফাব্রেগাস) সেই পর্যায়ে পৌঁছানোর পথেই আছে। আমি জানি না এটা (বার্সেলোনার দায়িত্ব নেওয়া) হবে কি না বা সে তা চায় কি না, কিন্তু সে যদি এভাবে উন্নতি করতে থাকে, তাহলে অবশ্যই এটা সম্ভব।”
আগামী জানুয়ারিতে চ্যাম্পিয়ন্স লিগে কাম্প নউয়ে বার্সেলোনার মুখোমুখি হবে ফাব্রেগাসের কোমো। ইতালিয়ান ক্লাবটি টানা দুইবারের লা লিগা চ্যাম্পিয়নদের জন্য কাজ কঠিন করে তুলতে পারে বলে মনে করেন বুসকেতস।
“আমার প্রিয় দলগুলোর একটি কোমো, শুধু সেস্কের কারণে নয়, খেলোয়াড়দের কারণেও। গত বছরটা তাদের জন্য ছিল ঐতিহাসিক, আশা করি তারা খুব ভালো করবে।
“তাদের যে কোচ আছে এবং তারা যদি একই ধারায় চলতে থাকে, তাহলে তারা অবশ্যই কঠিন প্রতিপক্ষ হবে।”
গত বুধবার ডাচ ক্লাব ফাইনর্টকে ৫-১ গোলে গুঁড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করে হান্সি ফ্লিকের বার্সেলোনা।