০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

অচলবস্থার মধ্যে ‘কাজ চলছে’ বাটলারের

জাতীয় স্টেডিয়ামে শনিবার অনুশীলনে কৌশলগত বিষয়গুলো নিয়েও কাজ করেছেন জাতীয় নারী ফুটবল দলের কোচ পিটার জেমস বাটলার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2025, 07:04 PM

Updated : 26 Aug 2026, 11:43 AM

১৩ ফুটবলার নিয়ে স্ট্রেচিং, রানিংয়ের পাশাপাশি টেকটিক্যাল অনুশীলনও করিয়েছেন পিটার জেমস বাটলার। যদিও ক্যাম্পের অচলবস্থা কাটেনি। নিজেদের অবস্থানে অনড় থেকে অনুশীলনে ফেরেননি ‘বিদ্রোহী’ ফুটবলাররা। তাতে অবশ্য বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কোচ বিচলিত নন মোটেও। অন্যদের নিয়ে না ভেবে, যাদের পাচ্ছেন, তাদের নিয়েই কাজ চালিয়ে নিতে চান তিনি।

সংস্কারের মধ্যে থাকা স্টেডিয়ামের মাঠে শনিবার ১৩ জন নিয়ে অনুশীলন করেছেন বাটলার। ইয়ারজান বেগম, আফঈদা খন্দকার, শাহেদা আক্তার রিপা, স্বপ্না রানী, সুরমা জান্নাত, আইরিন, হালিমা, কোহাতি কিসকু, প্রীতি, জয়নব, আকলিমা, অপির্তা ও মুনকি আক্তার- এই ১৩ জন ছিলেন ট্রেনিংয়ে উপস্থিত। সাবিনা-মনিকা-মারিয়া-মাসুরারা যথীরিত ছিলেন অনুপস্থিত।

নিয়মিত মুখদের অনুশীলনে না পাওয়া নিয়ে হতাশার কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন কোচদের একজন। পরিস্থিতিতে তিনি অবশ্য নাম প্রকাশ করতে চাইলেন না। জানালেন, দ্রুত সমস্যা সমাধানের আশাবাদ।

“এতগুলো মেয়েকে অনুশীলনে দেখতে না পাওয়াটা আমাদের জন্য অবশ্যই কষ্টের, কিন্তু আমাদের কী করার আছে। আশা করি, দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে, সবাই অনুশীলনে ফিরবে। যারা আজ ট্রেনিংয়ে ছিল, তাদের নিয়ে পিটার টেকটিক্যাল সেশনও করিয়েছেন। কেননা, এই ফেব্রুয়ারিতেই ম্যাচ আছে আমাদের।”

চলতি মাসের শেষে এবং মার্চের শুরুতে সংযুক্ত আরব আমিরাতে বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। এই ম্যাচগুলো দিয়েই গত অক্টোবরে উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর আন্তর্জাতিক আঙিনায় ফিরবে মেয়েরা।

বাটলারের মনোযোগও এখন এদিকে। সিনিয়র খেলোয়াড়দের বিদ্রোহের মধ্যেও এই ইংলিশ কোচ নিজের মতো করে গুছিয়ে নিচ্ছেন সবকিছু। শনিবারের অনুশীলন শেষে তিনি জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক, তার কাজ চলবে।

“(অনুশীলন) ভালো ছিল, পিচ ভালো ছিল, কোনো সমস্যা নেই… হ্যাঁ, আমরা কাজ চালিয়ে যেতে পারি। আমি বোঝাতে চাইছি, কাজ চলবে। আমরা কাজ চালিয়ে যাব। আমরা পেশাদার এবং সংগঠিত এবং আরও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে, আমরা আন্তরিক এবং সৎ থাকব।

“(পরের অনুশীলনেও) তরুণ খেলোয়াড়রা যোগ দেবে; বাকিদের নিয়ে আগ্রহী নই আমি। পরবর্তী অনূর্ধ্ব-২০ বয়সী খেলোয়াড়দের নিয়েই আমার সব আগ্রহ এবং আমার কোনো সন্দেহ নেই যে, তারা গর্বের সাথে এই জার্সি পরে দেশের সেবা করবে এবং দেশের মর্যাদা নষ্ট করবে না। ধন্যবাদ।”

এদিকে নারী ফুটবল দলের ১৮ জন খেলোয়াড়ের পিটার অধীনে অনুশীলন বয়কট করার ইস্যুর সমাধানে কমিটি করে দিয়েছে বাফুফে। তদন্ত কমিটির প্রধান বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান। আগামী বৃহস্পতিবারের মধ্যে কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।