১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আবারও লিগ চ্যাম্পিয়ন পিএসজি

টানা পঞ্চম ও এই নিয়ে সবশেষ ১৪ আসরের মধ্যে ১২ বার লিগ আঁ শিরোপা জিতল পিএসজি।

আবারও লিগ চ্যাম্পিয়ন পিএসজি
এক রাউন্ড বাকি থাকতে শিরোপা নিশ্চিত করল পিএসজি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2026, 03:22 AM

Updated : 26 Aug 2026, 03:36 PM

ম্যাচ জুড়ে আক্রমণের ঝড় বইয়ে দিল লঁস। তাদের সামনে বাধার দেয়াল হয়ে দাঁড়ালেন মাতভেই সাফানভ, করলেন একের পর এক সেভ। প্রতিপক্ষের প্রবল চাপ সামলে আবারও লিগ জয়ের উল্লাসে মাতল পিএসজি।

লিগ আঁর ম্যাচটি বুধবার রাতে ২-০ গোলে জিতে, এক রাউন্ড বাকি থাকতে শিরোপা নিশ্চিত করেছে লুইস এনরিকের দল।

টানা পঞ্চম ও এই নিয়ে সবশেষ ১৪ আসরের মধ্যে ১২ বার লিগ শিরোপা জিতল পিএসজি। আর সব মিলিয়ে ১৪ বার জিতল তারা, সমৃদ্ধ করল সর্বোচ্চ জয়ের রেকর্ড। দ্বিতীয় সর্বোচ্চ ১০ বার মার্সেইয়ের।

শিরোপা জিততে চাই এক পয়েন্ট, এমন সমীকরণে মাঠে নেমে ২৯তম মিনিটে খাভিচা কাভারাৎসখেলিয়ার গোলে এগিয়ে যায় পিএসজি। আর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ব্যবধান বাড়ান ইব্রাহিম এমবায়ে।  

ঘরের মাঠে বল দখলে পিছিয়ে থাকলেও, গোলের জন্য ২৫টি শট নিয়ে ১০টি লক্ষ্যে রাখতে পারে লঁস। আটটি ঠেকিয়ে দেন পিএসজি গোলরক্ষক সাফানভ। সফরকারীদের ১০ শটের তিনটি লক্ষ্যে ছিল, এর দুটি জালের দেখা পায়।

৩৩ ম্যাচে ২৪ জয় ও ৪ ড্রয়ে পিএসজির পয়েন্ট হলো ৭৬। সমান ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে লঁস।

৬১ পয়েন্ট নিয়ে লিল তিনে ও ৬০ পয়েন্ট নিয়ে লিওঁ চারে আছে। 

ঘরোয়া লিগের শেষ রাউন্ডে আগামী আগামী রোববার প্যারিস এফসি এবং মাসের শেষ দিকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আর্সেনালের মুখোমুখি হবে পিএসজি।