১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ডে ব্রুইনের ‘জায়গা নিতে আসেননি’ রেইন্ডার্স

ম‍্যানচেস্টার সিটিতে নিজের ফুটবলটাই খেলতে চান এই ডাচ মিডফিল্ডার।

ডে ব্রুইনের ‘জায়গা নিতে আসেননি’ রেইন্ডার্স
টিয়ানি রেইন্ডার্স। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2025, 06:25 PM

Updated : 26 Aug 2026, 01:12 PM

নিজের আইডলদের একজন কেভিন ডে ব্রুইনের জায়গা নেওয়ার কোনো ইচ্ছেই নেই টিয়ানি রেইন্ডার্সের। ম‍্যানচেস্টার সিটিতে নিজের ফুটবলটাই খেলতে চান এই মিডফিল্ডার। 

এসি মিলান থেকে ৪ কোটি ৬৫ লাখ পাউন্ডে কদিন আগে সিটিতে যোগ দিয়েছেন রেইন্ডার্স। অন‍্য দিকে ১০ বছর ইংলিশ প্রিমিয়ার লিগের এই ক্লাবে কাটিয়ে নাপোলিতে যোগ দিয়েছেন ডে ব্রুইনে।

ক্লাব বিশ্বকাপে খেলতে এখন দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে আছেন রেইন্ডার্স। ফ্লোরিডায় সিটির অনুশীলনের সময় এই মিডফিল্ডার বলেছেন, তার ওপর বেলজিয়াম অধিনায়ক এবং স্পেন ও বার্সেলোনা গ্রেট আন্দ্রেস ইনিয়েস্তার প্রভাব রয়েছে। 

“আমি এখানে তার (ডে ব্রুইনে) জায়গা নিতে আসিনি। আমাকে নিজের খেলাটাই খেলতে হবে। তবে আমি বিভিন্ন খেলোয়াড়ের কাছ থেকে অনেক কিছু নিয়েছি, যেগুলো তারা খুব ভালো করেছেন এবং সেভাবে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। কেভিনের ক্ষেত্রে তিনি যেভাবে মাঠ বিশ্লেষণ করেন এবং পাস দেন।”

পেপ গুয়ার্দিওলার কোচিংয়ে ডে ব্রুইনে দ‍্যুতি ছড়ান সিটিতে। দুইবার জেতেন প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার। 

সেরি আর সেরা মিডফিল্ডারের পুরস্কার নিয়ে সিটিতে এসেছেন রেইন্ডার্স। নেদারল‍্যান্ডসের ২৬ বছর বয়সী এই মিডফিল্ডার আশাবাদী, গুয়ার্দিওলার কোচিংয়ে পরের ধাপে যেতে পারবেন তিনি। 

“এটাও অবশ‍্য একটা ব‍্যাপার যে তিনি বিশ্বের সেরা কোচ। এখানে নতুন কিছু শিখতে আমি অধীর হয়ে অপেক্ষা করছি। বিশেষ করে তাদের খেলার ধরন শিখতে উন্মুখ হয়ে আছি।”

রেইন্ডার্সের মতো ক্লাব বিশ্বকাপের আগে সিটিতে যোগ দিয়েছেন রায়ান আইত-নুরি। উলভারহ‍্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে আসা এই লেফট ব‍্যাকের অভিষেক হতে পারে আগামী বুধবার, উইদাদের বিপক্ষে টুর্নামেন্টে সিটির প্রথম ম‍্যাচে।

“এটা অনেক বড় একটা পদক্ষেপ।”

“আমার ক‍্যারিয়ারের বড় পদক্ষেপ। অনেক দিন ধরেই প্রিমিয়ার লিগে খেলছি। পাঁচ বছর এই লিগে খেলছি। এই লিগ ভীষণ কঠিন, এখানে অনেকগুলো ভালো দল আছে। তবে হ‍্যাঁ, নিশ্চিতভাবেই এই পদক্ষেপ আরেক ধাপ উঁচুতে। আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব।”