ইউনাইটেডের র্যাশফোর্ডের চোখে বার্সেলোনার হয়ে শিরোপা জয়ের স্বপ্ন
তারকাসমৃদ্ধ দলটিতে খেলতে পেরেই দারুণ রোমাঞ্চিত ও ভালো করতে প্রেরণা বোধ করছেন ইংলিশ ফরোয়ার্ড।
ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে বার্সেলোনায় এসে দলটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিততে চান মার্কাস র্যাশফোর্ড। কাতালুনিয়ার ক্লাবটির জার্সি গায়ে টুর্নামেন্টটিতে প্রথম ম্যাচে জোড়া গোল করে সেই আকাঙ্ক্ষার কথা জানালেন ইংলিশ ফরোয়ার্ড।
শৈশব থেকেই ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থক তিনি। ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটিতেই তার বেড়ে ওঠা। আট বছর বয়সে যোগ দেন রেকর্ড প্রিমিয়ার লিগের শিরোপাজয়ী ক্লাবটির একাডেমিতে। ২০১৬ সালে যোগ দেন মূল দলে। সেই থেকে ইউনাইটেডই ছিল তার ঠিকানা।
তবে গত নভেম্বরে কোচ হুবেন অ্যামুরি ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার পর সেখানে ব্রাত্য হয়ে পড়েন র্যাশফোর্ড। গত ফেব্রুয়ারিতে মৌসুমের বাকি সময়ের জন্য তিনি ধারে যোগ দেন অ্যাস্টন ভিলায়। এরপর জুলাইয়ে ধারের চুক্তিতেই বার্সেলোনায় এসে নতুন অধ্যায় শুরু করেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। এখন এই ক্লাবের হয়েই ইউরোপ সেরার মুকুট জয়ের স্বপ্ন দেখছেন তিনি।
সেই লক্ষ্যের প্রথম ধাপে সেন্ট জেমস পার্কে স্প্যানিশ চ্যাম্পিয়নরা ২-১ গোলে হারিয়েছে নিউক্যাসল ইউনাইটেডকে। বৃহস্পতিবার রাতের ম্যাচটিতে দ্বিতীয়ার্ধে ৯ মিনিটের ব্যবধানে দুই বার জালের দেখা পান র্যাশফোর্ড।
৫৮তম মিনিটে জুল কুন্দের ক্রসে বক্সে চমৎকার হেডে দলকে এগিয়ে নেন ইংলিশ ফরোয়ার্ড। বার্সেলোনার জার্সিতে প্রথম চার ম্যাচে গোলশূন্য থাকার পর এটি ছিল তার প্রথম গোল। ৬৭তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে দ্বিতীয় গোলটি করেন তিনি।
ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসের সঙ্গে আলাপকালে র্যাশফোর্ড জানিয়ে দিলেন টুর্নামেন্টের শিরোপা জেতাই এখন তার লক্ষ্য।
“চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার লক্ষ্য শিরোপা জয়। আমাদের মাথায় অন্য কিছু নেই। প্রতিযোগিতাটি কত কঠিন, সেটা আমরা জানি।”
“(বার্সার হয়ে খেলা) অসাধারণ অভিজ্ঞতা। (সমর্থকরা) চান দল জিতুক এবং ভালো ফুটবল খেলুক। আমরাও জিততে চাই। আমি খুবই উচ্ছ্বসিত। দারুণ অনুপ্রাণিত ও দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের দলে যে মানের খেলোয়াড় আছে, তা আমাকে উজ্জীবিত করে। এখানে এই ফুটবলারদের সঙ্গে খেলতে পারা দারুণ আনন্দদায়ক।”
পরের ম্যাচে লা লিগায় গেতাফের বিপক্ষে খেলবে বার্সেলোনা। আর চ্যাম্পিয়ন্স লিগে তারা পরের ম্যাচ খেলবে আগামী ১ অক্টোবর পিএসজির বিপক্ষে।
