১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ওসাসুনার বিপক্ষে সেই হার মনে আছে ফ্লিকের

বার্সেলোনা কোচ হিসেবে সেটাই ছিল হান্সি ফ্লিকের প্রথম হার।

ওসাসুনার বিপক্ষে সেই হার মনে আছে ফ্লিকের
বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2026, 06:35 PM

Updated : 26 Aug 2026, 03:31 PM

এল সাদরে বার্সেলোনার সবশেষ ম‍্যাচের স্মৃতি খুব তেতো। গত মৌসুমে লা লিগায় প্রথম দল হিসেবে তাদের হারিয়েছিল ওসাসুনা। এবার তাদের মাঠে মৌসুমের শেষ পর্যায়ে খেলবে স্প‍্যানিশ চ‍্যাম্পিয়নরা। কোচ হান্সি ফ্লিক বললেন, দলে অনেক বদল এনে সেই হারের কথা মনে আছে তার। 

২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর ওসাসুনার মাঠে ৪-২ গোলে হেরেছিল বার্সেলোনা। আগামী শনিবার ওই ম‍্যাচের পর প্রথমবার এল সাদরে খেলবে স্প‍্যানিশ চ‍্যাম্পিয়নরা। ম‍্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বার্সেলোনা কোচ হিসেবে নিজের প্রথম হারের স্মৃতি মনে রেখে সাবধান থাকার কথা বললেন ফ্লিক। 

“আমার মনে আছে। মনে হয়, আমরা ওই দিন শুরুর একাদশে অনেক পরিবর্তন এনেছিলাম এবং আগামীকাল সেটা ঘটবে না। এখন আমরা ভালো সময়ে আছি। ওসাসুনা ভালো খেলছে এবং আগামী বছর তাদের সামনে ইউরোপে খেলার সুযোগ আছে। আমার জন‍্য, দুইটা ভিন্ন পরিস্থিতি। আমরা এই ম‍্যাচের জন‍্য প্রস্তুত এবং আমাদের নিজেদের সেরাটা দিতে হবে।”

বার্সেলোনা জিতলে এবং পরদিন রেয়াল মাদ্রিদ পয়েন্ট হারালে এই রাউন্ডেই লা লিগার শিরোপা নিষ্পত্তি হয়ে যাবে। ফ্লিক কি এটাই চান, নাকি রেয়ালের বিপক্ষে ম্যাচেই শিরোপা নিশ্চিত করতে চান? এমন প্রশ্নের উত্তরে ফ্লিক বললেন, তিনি শিরোপা নয়, সামনের লড়াই নিয়েই কেবল ভাবছেন।

“আমি কেবল এই ম‍্যাচ নিয়ে ভাবছি। অন‍্য কিছু নয়।”

“আমরা সবসময়ই সামনের ম‍্যাচে মনোযোগ দিই। আমাদের ভাবনায় কেবল এই ম‍্যাচ। আমরা খুব অভিজ্ঞ একটি দলের বিপক্ষে খেলব। ওদের দলে আন্তে বুদেমির আছে, সে দারুণ একজন স্ট্রাইকার। এটা কঠিন লড়াই হবে। সেখানে আবহ দুর্দান্ত। গেতাফের বিপক্ষে যেমন খেলেছি, এখানেও ওই মানের ফুটবল খেলতে হবে আমাদের। আমরা দল হিসেবে খুব ভালো খেলছি, আমরা আক্রমণে ভালো করেছি। আমি অন‍্য ম‍্যাচে মনোযোগ দিতে চাই না।”

৩৩ ম‍্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম‍্যাচে রেয়ালের পয়েন্ট ৭৪।