Published : 01 Sep 2026, 11:13 PM
জাতীয় দলের অধ্যায় চুকিয়ে ফেললেন আন্টোনিও রুডিগার। নতুন প্রজন্মের জন্য জায়গা ছেড়ে দিতে এবং ক্লাব ফুটবলে পুরোপুরি মনোযোগ দিতে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন এই জার্মান ডিফেন্ডার।
ইনস্টাগ্রামে মঙ্গলবার দেওয়া এক বার্তায় এই সিদ্ধান্ত জানান ৩৩ বছর বয়সী সেন্টার-ব্যাক।
“কিছুদিন চিন্তা-ভাবনার পর, (বুঝতে পারলাম) জাতীয় দলের ক্যারিয়ার শেষ করার সময় হয়ে গেছে আমার এবং তরুণ প্রজন্মের জন্য জায়গা করে দেওয়াও প্রয়োজন।
“সাম্প্রতিককালের টুর্নামেন্টগুলোয় যদিও আমরা কোনো শিরোপা জিততে পারিনি এবং কিছু খুব কষ্টের হার সইতে হয়েছে, তবুও (জাতীয় দলের হয়ে) এই সময়টা আমার জীবনের খুবই স্পেশাল এক অধ্যায়।”
২০১৪ সালের মে মাসে জাতীয় দলের হয়ে অভিষেক হয় রুডিগারের। সময়ের সঙ্গে দলে নিজের জায়গা পাকা করেন তিনি, হয়ে ওঠেন জার্মান রক্ষণের গুরুত্বপূর্ণ অংশ। যদিও তার অভিষেকের বছরে বিশ্বকাপ জয়ী জার্মান দলের সদস্য ছিলেন না তিনি।
দেশের হয়ে পরের তিনটি বিশ্বকাপ ও একাধিক ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলেছেন জাতীয় দলের হয়ে মোট ৮৬টি ম্যাচ খেলা রুডিগার।
২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় জার্মানি। আর গত জুন-জুলাইয়ে শেষ হওয়া উত্তর আমেরিকা বিশ্বকাপে শুরুটা দাপুটে করলেও, শেষ বত্রিশে প্যারাগুয়ের বিপক্ষে হেরে যায় তারা।
তাই প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটাই জার্মানির হয়ে রুডিগারের শেষ ম্যাচ হয়ে থাকল।
বার্লিনে জন্ম নেওয়া রুডিগারের ফুটবল জীবনের শুরুর উল্লেখযোগ্য সময়টা কাটে বরুশিয়া ডর্টমুন্ড ও স্টুটগার্টের যুব দলে। সেখানে আলো ছড়িয়ে সফল ক্লাব ফুটবলে যাত্রা শুরু করেন তিনি। স্টুটগার্টের মূল দলের হয়ে অভিষেকের পর খেলেন রোমা ও চেলসিতে এবং বর্তমানে খেলছেন রেয়াল মাদ্রিদে।
২০২১ সালে চেলসির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পান রুডিগার। ইংলিশ ক্লাবটির হয়ে আরও কয়েকটি ট্রফি জেতেন তিনি। ২০২২ সালে যোগ দেন রেয়ালে। স্প্যানিশ ক্লাবটির হয়ে এখন পর্যন্ত একটি করে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগসহ জিতেছেন আরও শিরোপা।
বিদায়ী বার্তায় রুডিগার আরও বলেন, “আমার জন্য নতুন এক অধ্যায়ের শুরু হচ্ছে, যেখানে আমি আমার ক্লাবে পূর্ণ মনোযোগ দেব।”