Published : 04 Mar 2026, 10:30 PM
বিশ্বকাপ খেলার স্বপ্নভঙ্গের বেদনায় পুড়ছেন রদ্রিগো। হাঁটুর গুরুতর চোটে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে যাওয়ার দিনটিকে তার জীবনের ‘সবচেয়ে খারাপ দিনগুলোর একটি’ বলে উল্লেখ করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
তার ক্লাব রেয়াল মাদ্রিদ মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, রদ্রিগোর ডান পায়ের সামনের অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট এবং বাইরের মেনিস্কাস ছিঁড়ে গেছে। ক্লাবের হয়ে বাকি মৌসুমে এবং আগামী বিশ্বকাপে খেলতে পারবেন না তিনি।
পরে সামাজিক মাধ্যমে আবেগঘন পোস্টে বিশ্বকাপ খেলতে না পারার হতাশার কথা তুলে ধরেন ২৫ বছর বয়সী এই ফুটবলার।
“আমার জীবনের সবচেয়ে খারাপ দিনগুলোর একটি, আমি সবসময় এই চোটকে অনেক ভয় পেতাম… জীবন হয়তো ইদানিং আমার প্রতি একটু নির্মম হয়েছে… জানি না এটা আমার প্রাপ্য কি না, কিন্তু আমি কি অভিযোগ করতে পারি? কত দারুণ অভিজ্ঞতা আমি অর্জন করেছি, এসবও হয়তো আমার প্রাপ্য ছিল না।”
“আমার জীবনে, আমার কর্মজীবনে একটি বড় বাধা তৈরি হয়েছে, যা আমাকে কিছুদিনের জন্য আমার সবচেয়ে ভালোবাসার কাজটা করা থেকে দূরে রাখছে। ক্লাবের হয়ে বাকি মৌসুম এবং আমার দেশের হয়ে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছি, সবাই জানে এই স্বপ্নটা (বিশ্বকাপে খেলা) আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। আমি যা করতে পারি তা হলো সবসময়ের মতো শক্তিশালী থাকা, যা আমার জন্য নতুন নয়।”
কঠিন সময়ে পাশে থাকায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি শক্তভাবে ফিরে আশার প্রত্যয় ব্যক্ত করেন রদ্রিগো।
“আপনাদের প্রার্থনা, বার্তা এবং সমর্থনের জন্য সকলকে ধন্যবাদ! আপনারা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। যদিও এখন খুব কঠিন সময়, তবে কথা দিচ্ছি, আমি এখানে থামব না।”
“আমি বিশ্বাস করি, আমার এখনও অনেক অবিশ্বাস্য কিছু অভিজ্ঞতা অর্জনের এবং যারা আমাকে বিশ্বাস করে তাদের আনন্দ দেওয়ার আছে। শিগগিরই দেখা হবে।”
পেশির চোটে এক মাসের বেশি সময় বাইরে থাকার পর, গত সোমবার গেতাফের বিপক্ষে ১-০ গোলে হারা ম্যাচ দিয়ে মাঠে ফেরেন রদ্রিগো। লা লিগার ম্যাচটিতে ৫৪তম মিনিটে বদলি নামানো হয় তাকে। ৬৬তম মিনিটে বাম উইংয়ে প্রতিপক্ষ চ্যালেঞ্জ জানালে আরও দ্রুত এগোতে গিয়েই বিপত্তি বাধান তিনি। ব্যথা থাকলেও অবশ্য শেষ পর্যন্ত খেলা চালিয়ে যান এই তারকা। পরদিন পরীক্ষায় তার গুরুতর চোট ধরা পড়ে।