১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রেয়াল মাদ্রিদ-পাচুকা ম্যাচে বর্ণবাদের শিকার রুডিগার

তবে দায়ী কে, তা নিয়ে এখনও ধোয়াশা রয়ে গেছে।

রেয়াল মাদ্রিদ-পাচুকা ম্যাচে বর্ণবাদের শিকার রুডিগার
কোচ শাবি আলোন্সোর সঙ্গে আন্টোনিও রুডিগার। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2025, 02:57 PM

Updated : 26 Aug 2026, 01:14 PM

পাচুকার বিপক্ষে ম্যাচ চলাকালীন বর্ণবাদের শিকার হওয়ার অভিযোগ করেছেন রেয়াল মাদ্রিদের আন্টোনিও রুডিগার। দলটির কোচ শাবি আলোন্সো বিষয়টি জানিয়েছেন।

ফিফা ক্লাব বিশ্বকাপে রোববার ‘এইচ’ গ্রুপের মাচে এই ঘটনা ঘটে। নর্থ ক্যারোলাইনার শার্লটে ম্যাচটি ৩-১ গোলে জিতেছে রেয়াল মাদ্রিদ। যোগ করা সময়ে রুডিগারের ওপর একটি ফাউলের ঘটনার পর, বর্ণবাদ বিরোধী নিয়ম সক্রিয় করার সংকেত দেন।

এতে ম্যাচে যে বর্ণবাদের ঘটনা ঘটেছে, তা পরিষ্কার হয়ে যায়। পরে সংবাদ সম্মেলনে ‘রুডিগার বর্ণবাদের শিকার হয়েছেন কিনা’ প্রশ্নের উত্তরে আলোন্সো বলেন, “রুডিগার তাই বলেছে এবং আমরা তাকে বিশ্বাস করি।”

“এসব পরিস্থিতিতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করাটা খুব গুরুত্বপূর্ণ। এখন ফিফা বিষয়টি তদন্ত করছে। আপাতত আমি এতুটুকই বলতে পারি।”

অবশ্য এখনও নিশ্চিত হওয়া যায়নি যে, জার্মান ডিফেন্ডার রুডিগারের উদ্দেশ্যে বর্ণবাদী আচরণ প্রতিপক্ষের কোনো খেলোয়াড় নাকি দর্শক সারি থেকে করা হয়েছে।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার সঙ্গে যোগাযোগ করেছে রয়টার্স, কিন্তু তাৎক্ষনিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি তারা।

এর আগে চেলসি ও রোমায় খেলার সময়ও অনেকবার বর্ণবাদের শিকার হয়েছেন ৩২ বছর বয়সী রুডিগার।