২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

দুই মাসের জন্য তরুণ ডিফেন্ডারকে হারাল বার্সেলোনা

এখন আন্তর্জাতিক ফুটবলের বিরতি চললেও বার্সেলোনার জন্য বড় ধাক্কা এটি।

দুই মাসের জন্য তরুণ ডিফেন্ডারকে হারাল বার্সেলোনা
চোট পেয়ে কাতরাচ্ছেন মার্ক কাসাদো। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2025, 11:33 PM

Updated : 26 Aug 2026, 12:03 PM

মৌসুমের শেষ ভাগে এসে বড় ধাক্কা খেল বার্সেলোনা। হাঁটুর চোটে দুই মাসের জন্য ছিটকে গেলেন দলটির স্প্যানিশ ডিফেন্ডার মার্ক কাসাদো।

লা লিগায় গত রোববার আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে চোট পান ২১ বছর বয়সী এই ফুটবলার। প্রতিপক্ষের মাঠে দলের ৪-২ গোলে জয়ের ম্যাচে ৬৭তম মিনিটে তাকে তুলে নেন কোচ হান্সি ফ্লিক। 

পরীক্ষার পর কাতালান ক্লাবটি মঙ্গলবার বিবৃতি দিয়ে জানায়, তার ডান হাঁটুর লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। অস্ত্রোপচারের প্রয়োজন না হলেও দুই মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে।

এখন আন্তর্জাতিক ফুটবলের বিরতি চললেও, কাসাদোর ছিটকে যাওয়া বার্সেলোনার জন্য বড় ধাক্কাই। এই মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে দলটির হয়ে ৩৬ ম্যাচ খেলেছেন তিনি।

মৌসুমে বাকি তিন শিরোপার সবগুলোর লড়াইয়ে আছে বার্সেলোনা। লা লিগায় তারা আছে শীর্ষে। চ্যাম্পিয়ন্স লিগে উঠেছে কোয়ার্টার-ফাইনালে। কোপা দেল রেতে খেলছে সেমি-ফাইনালে।