Published : 23 Aug 2026, 08:51 PM
অনেক চেষ্টার পর অবশেষে আয়ুব বুয়াদিকে পেতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি। বিবিসির খবর, ১০ কোটি ইউরোয় (আট কোটি ৫৬ লাখ পাউন্ড) মরক্কোর ১৮ বছর বয়সী এই মিডফিল্ডারকে কিনতে লিলের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে প্রিমিয়ার লিগের ক্লাবটি।
এই সপ্তাহের শুরুতে বিবিসি জানিয়েছিল, চুক্তির বিষয়ে ক্লাব দুটির আলোচনা অনেকটা এগিয়েছে। এখন তারা সমঝোতায় পৌঁছেছে। প্রাথমিকভাবে আট কোটি ১৪ লাখ পাউন্ড ট্রান্সফার ফি এবং অতিরিক্ত ৪২ লাখ পাউন্ড বোনাসের প্রস্তাব গ্রহণ করেছে লিল।
মিডফিল্ডার রদ্রিকে সাড়ে ছয় কোটি পাউন্ডে বার্সেলোনার কাছে ও টিয়ানি রেইন্ডার্সকে পাঁচ কোটি ২০ লাখ পাউন্ডে সৌদি আরবের ক্লাব আল-কাদসিয়ার কাছে বিক্রি করার পর, সিটি তাদের সেন্ট্রাল মিডফিল্ডকে শক্তিশালী করার ক্ষেত্রে অগ্রাধিকার দিয়েছে।
চেলসির আর্জেন্টাইন মিডফিল্ডার এন্সো ফের্নান্দেসকেও দলে নিতে আগ্রহী সিটি, কিন্তু এই চুক্তি হবে কি না, তা এখনও দেখার বিষয়।
তারা ইতোমধ্যে নটিংহ্যাম ফরেস্ট থেকে ১১ কোটি ৬০ লাখ পাউন্ডের বিনিময়ে ইংল্যান্ডের এলিয়ট অ্যান্ডারসনকে দলে নিয়েছে।
বুয়াদি এবারের বিশ্বকাপে দারুণ খেলেছেন। কোয়ার্টার-ফাইনালে ওঠার পথে মরক্কোর ছয় ম্যাচের পাঁচটিতেই তিনি ছিলেন প্রথম একাদশে। এর আগে ২০২৪ সালে চ্যাম্পিয়ন্স লিগে রেয়াল মাদ্রিদের বিপক্ষে লিলের জয়ে তার দারুণ ভূমিকা তাকে বড় মঞ্চে পরিচিতি এনে দেয়।
২০২৩ সালের অক্টোবরে, ১৬তম জন্মদিনের তিন দিন পর অভিষেক থেকে লিলের হয়ে ৮৮ ম্যাচ খেলেছেন বুয়াদি এবং গত মৌসুমে লিগ আঁয় তাদের তৃতীয় হওয়ায় অবদান রেখেছেন তিনি।