১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এফএ কাপে ৮-০ গোলে জয়ের পর গুয়ার্দিওলা বললেন, ‘ওয়াকার চলে যেতে চায়’

ইংল্যান্ডের বাইরের ক্লাবে খেলার অভিজ্ঞতা নিতে চান ম্যানচেস্টার সিটির ইংলিশ ডিফেন্ডার কাইল ওয়াকার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2025, 06:39 PM

Updated : 26 Aug 2026, 11:34 AM

ম্যানচেস্টার সিটির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের ইতি টেনে নতুন ঠিকানায় পাড়ি জমাতে চান কাইল ওয়াকার। ইংলিশ ক্লাবটিকে এরই মধ্যে নিজের ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। কোচ পেপ গুয়ার্দিওলা বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ইংল্যান্ডের বাইরের ক্লাবে খেলার অভিজ্ঞতা নিতে চান এই অভিজ্ঞ ডিফেন্ডার।

এফএ কাপে শনিবার স্যালফোর্ডকে ৮-০ গোলে বিধ্বস্ত করে চতুর্থ রাউন্ডে ওঠে সিটি। ওয়াকারের কোনো চোট সমস্যা না থাকলেও, তাকে ম্যাচটির স্কোয়াডেই রাখেননি গুয়ার্দিওলা।

ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে গুয়ার্দিওলার আলাপকালে ওঠে ওয়াকার প্রসঙ্গ। ৩৪ বছর বয়সী ইংলিশ ফুটবলারকে দলে না রাখার কারণ জানতে চাওয়া হয় তার কাছে। তখন তিনি খোলাসা করেন বিষয়টি।

“দুই দিন আগে, কাইল বিদেশের লিগে খেলতে এবং সেখানে তার ক্যারিয়ারের ইতি টানতে চাওয়ার কথা বলেছিল। আর এ কারণেই আমি অন্যদের খেলানোকে প্রাধান্য দিয়েছি।”

২০২৩ সালে সিটি ট্রেবল জয়ের পর জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ থেকে প্রস্তাব পেয়েছিলেন ওয়াকার। সেখানে তখন না যাওয়ার কারণও জানালেন গুয়ার্দিওলা।

“দুই বছর আগে ট্রেবল জয়ের পর সে প্রস্তাব পেয়েছিল, বায়ার্ন মিউনিখ তাকে নিতে চেয়েছিল; কিন্তু প্রস্তাবটা যথেষ্ট ভালো ছিল না।”

২০১৭ সালে টটেনহ্যাম হটস্পার থেকে সিটিতে যোগ দেন ওয়াকার। ক্লাবটির জার্সিতে এখন পর্যন্ত ৩১৯ ম্যাচ খেলেছেন তিনি। ছয়টি প্রিমিয়ার লিগ, সিটির একমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফিসহ ১৭টি শিরোপা জিতেছেন তিনি।

তবে চলতি মৌসুমে দলে নিয়মিত হতে পারছেন না ওয়াকার। সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন ১৮ ম্যাচ। যার মধ্যে প্রিমিয়ার লিগে শুরুর একাদশে সুযোগ পেয়েছেন কেবল ৯ ম্যাচে।

গুয়ার্দিওলার চোখে, সিটিতে ওয়াকারের অবদান অনেক এবং ইংল্যান্ড জাতীয় দল ও এই ক্লাবের জন্য তিনি গুরুত্বপূর্ণ।

“আমরা এত বছর ধরে যে সাফল্য পেয়েছি, কাইলকে ছাড়া সেটা ভাবাও যায় না। এটা অসম্ভব।”

“সে নতুন ক্লাবের অভিজ্ঞতা নিতে চাইছে। এর মানে এই নয় যে, এমনটাই হবে। কারণ সামনে পরিস্থিতি কী দাঁড়াবে, কেউ জানে না। আমি তাকে অনেক সম্মান করি, কারণ সে আমাদের দলে অনেক বছর ধরে খেলছে, তাই আমি কৃতজ্ঞ। সে জাতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ এবং আমাদের দলের জন্যও গুরুত্বপূর্ণ।”