Published : 05 Dec 2025, 07:19 PM
বেশ কিছুটা সময় এগিয়ে থেকে, জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়েও, শেষ পর্যন্ত লক্ষ্য পূরণ না হওয়ায় ভীষণ হতাশ ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হুবেন অ্যামুরি। ওয়েস্ট হ্যামের বিপক্ষে শেষ দিকে গোল হজম করাটাই বেশি পোড়াচ্ছে তাকে।
ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় নিজের অনুভূতি লুকানোর চেষ্টাও করলেন না অ্যামুরি। সরাসরিই বললেন তিনি ‘হতাশ’ ও ‘ক্ষুব্ধ।’
ওল্ড ট্র্যাফোর্ডে বৃহস্পতিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ওয়েস্ট হামের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ইউনাইটেড। ৫৮তম মিনিটে দিয়োগো দালোতের গোলে এগিয়ে যাওয়ার পর, ৮৩তম মিনিটে সোনগোটো মাগাসা গোলটি শোধ করে দিলে তিন পয়েন্ট পাওয়ার আশা ভেস্তে যায় ওল্ড ট্র্যাফোর্ডের দলের।
ম্যাচের পর শেষ সময়ে হজম করা গোল নিয়ে বেশি হতাশা প্রকাশ করেন পর্তুগিজ কোচ।
“আমি হতাশ, ক্ষুব্ধ, এটাই সত্য। কখনও কখনও দ্বিতীয়ার্ধে আমরা ম্যাচের নিয়ন্ত্রণ হারাই, কিন্তু আজ তা হয়নি। প্রথম গোলের পর, আমরা প্রায় সময়ই দ্বিতীয় ছোঁয়ায় বল হারিয়েছি।”
১৪ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে অষ্টম স্থানে আছে ইউনাইটেড। শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে আছে তারা।
১২ পয়েন্ট নিয়ে ওয়েস্ট হ্যাম আছে অবনমন অঞ্চলে।
আগামী সোমবার উলভসের মাঠে খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড।