Published : 12 Sep 2026, 06:40 PM
জোড়া গোল করলেন মোহাম্মদ রিফাত। তার আরও তিন সতীর্থ পেলেন জালের দেখা। চাইনিজ তাইপেকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপ হকি শেষ করল বাংলাদেশ। এই জয়ে সপ্তম হয়ে আসর শেষ করল দল।
হুলুনবুইর সিটিতে শনিবার সপ্তম-অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে চাইনিজ তাইপেকে ৫-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। রিফাতের জোড়া গোলের আগে-পরে জালের দেখা পেয়েছেন মুন্না ইসলাম, তায়েব আলি ও মোহাম্মদ আব্দুল্লাহ।
এ নিয়ে ছয় ম্যাচ দুই জয় ও চার হার নিয়ে প্রতিযোগিতা শেষ করল বাংলাদেশ। পুল পর্বে চীনের বিপক্ষে ৩-২, ও মালয়েশিয়ার বিপক্ষে ৪-২ গোলে হারের পর কাজাখস্তানকে ৪-২ গোলে হারিয়ে প্রথম জয় পায় বাংলাদেশ। পরে পাকিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে হেরে পুল পর্বে তৃতীয় হয় দল। এরপর জাপানের বিপক্ষে ৬-২ গোলে হেরে জুনিয়র বিশ্বকাপ খেলার আশা শেষ হয়ে যায় বাংলাদেশের।
চাইনিজ তাইপের বিপক্ষে শুরু থেকে আধিপত্য করতে থাকে বাংলাদেশ। ষষ্ঠ মিনিটে মুন্না পেনাল্টি কর্নার থেকে এগিয়ে নেন দলকে। এই কোয়ার্টারে চাইনিজ তাইপে সমতায় ফিরে। রিফাতের ফিল্ড গোলে এগিয়ে থেকে দ্বিতীয় কোয়ার্টার শেষ করে বাংলাদেশ।
তৃতীয় কোয়ার্টারের শেষ দিকে চাইনিজ তাইপে সমতা ফেরানোর পর পরই তায়েব ফের বাংলাদেশকে এগিয়ে নেন পেনাল্টি কর্নার থেকে। চতুর্থ ও শেষ কোয়ার্টারে রিফাত ও আব্দুল্লাহর গোলে জয় নিশ্চিত হয়ে যায় দলের।