ক্যারিকের পরিকল্পনায় এখন ‘স্বাধীন’ ফের্নান্দেস ও তার সতীর্থরা
নতুন কোচের কৌশলে দলের সবাই এখন দারুণ অনুপ্রাণিত, বললেন ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক।
ওল্ড ট্র্যাফোর্ডে ‘হুবেন অ্যামুরি অধ্যায়’ শেষের সঙ্গে যেন ম্যানচেস্টার ইউনাইটেডের টানা ব্যর্থতার গল্পেরও ইতি ঘটেছে। মাইকেল ক্যারিকের কোচিংয়ে সত্যিই যেন আমূল বদলে গেছে দলটি। অন্তত দলটির গত কয়েক সপ্তাহের পারফরম্যান্সে তেমন আভাসই মিলছে।
২০২৪ সালের নভেম্বরের শুরুতে ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার পর থেকে, পরের ১৪ মাসে যা করে দেখাতে পারেননি অ্যামুরি, সেটাই কয়েকদিনে করে ফেলেছেন ক্যারিক। প্রিমিয়ার লিগে তার কোচিংয়ে প্রথম চার ম্যাচেই জিতেছে দলটি, অ্যামুরির সময়ে একবারই টানা তিনটি ম্যাচ জিতেছিল তারা।
নতুন রূপে আবির্ভুত হওয়া ইউনাইটেড সবশেষ শনিবার লিগ ম্যাচে টটেনহ্যাম হটস্পারকে সহজেই ২-০ গোলে হারায়। আধা ঘণ্টার মধ্যে ১০ জনের দলে পরিণত হওয়া টটেনহ্যামের জালে প্রথম গোলটি করেন ব্রায়ান এমবুমো। পরে ব্যবধান বাড়ান ব্রুনো ফের্নান্দেস।
দলটি হঠাৎ কিভাবে এতটা বদলে গেল, এই প্রশ্নের উত্তর মিলল ম্যাচ শেষে ফের্নান্দেসের কথায়।
“দলের প্রাণশক্তি এখন ভিন্ন মাত্রায়, কারণ আমরা ম্যাচ জিতছি, আর যখন জিততে থাকবেন, তখন সবকিছু আরও উজ্জ্বল হয়ে ওঠে।”
“(অন্তর্বর্তীকালীন কোচ) মাইকেল (ক্যারিক) খেলোয়াড়দের আরও বেশি দায়িত্ব দিতে এবং মাঠে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে দেওয়ার সঠিক পরিকল্পনা নিয়ে এসেছেন। আমি সবসময়ই নিশ্চিত ছিলাম যে, মাইকেল দারুণ একজন কোচ হতে পারেন এবং তিনি সেটাই দেখাচ্ছেন।”
টানা জয়ে লিগ টেবিলেও উন্নতি হচ্ছে ইউনাইটেডের। ২৫ ম্যাচে ১২ জয় ও আট ড্রয়ে ৪৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে তারা।
তাদের চেয়ে দুই পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি ও তিনে অ্যাস্টন ভিলা। সিটি অবশ্য একটি ম্যাচ কম খেলেছে।
আর ২৫ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।
