নারী ফুটসাল
Published : 13 Dec 2025, 09:06 PM
২০২৪ উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর কোচ পিটার জেমস বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ এবং পরবর্তীতে নানা ঘটনাপ্রবাহে উপেক্ষিত হয়ে পড়া সাবিনা খাতুন-মাসুরা পারভীনদের সামনে জাতীয় দলে ফেরার পথ খুলেছে। তবে তা অন্য সংস্করণে। এই চেনা মুখদের অনেককে নিয়ে প্রাথমিক ফুটসাল দল দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
১৮ জনের দলে আছেন গত উইমেন’ সাফ জয়ী দলের সাবিনা খাতুন, মাসুরা পারভীন, মাতসুশিমা সুমাইয়া, কৃষ্ণা রানী সরকারের মতো অভিজ্ঞরা। ২০২২ উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী দলের সদস্য মার্জিয়ার কিংবা মিশরাত জাহান মৌসুমীর মতো আলোচনার বাইরে চলে যাওয়াদেরও ঠাঁই হয়েছে প্রাথমিক দলে।
আগামী বছর প্রথমবারের মতো মাঠে গড়াবে মেয়েদের সাফ উইমেন’স ফুটসাল চ্যাম্পিয়নশিপ।
সাবিনার নেতৃত্বে ২০১৮ সালে থাইল্যান্ডে নারী এশিয়ান কাপ ফুটসালের বাছাই খেলেছিল বাংলাদেশ। অবশ্য তিন ম্যাচের সবগুলোতেই হারের তেতো অভিজ্ঞতা হয়েছিল তাদের।
দুটি উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী অধিনায়ক সাবিনার ক্লাব পর্যায়েও মালদ্বীপের ফুটসালে খেলার অভিজ্ঞতা রয়েছে।
উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট ধরে রাখার পর এ বছরের শুরুতে বাফুফে ভবনের সামনে সংবাদমাধ্যমের সামনে কোচ বাটলারের বিরুদ্ধে লিখিত অভিযোগ তোলেন সাবিনাসহ ১৮ ফুটবলার। তাদের মধ্যে মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুনসহ আরও অনেকে ফিরলেও সাবিনা-মাসুরাদের ফেরা হয়নি এখনও। ফুটসাল দিয়ে অন্তত তারা জাতীয় দলে সম্পৃক্ত থাকার সুযোগ পাচ্ছেন।
প্রাথমিক দল: সাবিনা খাতুন (অধিনায়ক), মাতসুশিমা সুমাইয়া, মাসুরা পারভীন, কৃষ্ণা রানী সরকার, লিপি আক্তার, উন্নতি খাতুন, মেহেনুর আক্তার, রাত্রি মনি, সুমি খাতুন, নওসিন জাহান, নিলুফা ইয়াসমিন নীলা, মিশরাত জাহান মৌসুমী, মার্জিয়া, নাসরিন আক্তার, সেজুতি ইসলাম স্মৃতি, সাথি বিশ্বাস, ইতি রানী, স্বপ্না আক্তার জুলি।