Published : 31 Oct 2025, 04:50 PM
চলতি মৌসুম শেষে ফুটবলকে বিদায় জানাবেন সের্হিও বুসকেতস ও জর্দি আলবা, যা ভীষণভাবে নাড়া দিচ্ছে লিওনেল মেসিকে। ক্লাব ক্যারিয়ারে লম্বা সময় এই দুজনের সঙ্গে খেলেছেন এবং এখনও খেলছেন, সময়ের পরিক্রমায় তারা হয়ে উঠেছেন খুব কাছের বন্ধু, তাদেরকে সামনে আর পাবেন না পাশে-বিষয়টা ভাবতেই একরকম কষ্ট অনুভব করছেন আর্জেন্টাইন তারকা।
অ্যাপল টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, বুসকেতস ও আলবার অবসর তার জীবনের পেশাগত ও ব্যক্তিগত দুই দিকেই তৈরি করবে শূন্যতা। বার্সেলোনা দীর্ঘ ও দারুণ সফল অধ্যায় শেষে এখন তারা খেলছেন ইন্টার মায়ামিতে।
বন্ধুদের বিদায়ে প্রসঙ্গে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন আটবারের ব্যালন দ’র জয়ী মেসি। স্মৃতিচারণ করেন পেছনে ফেলে আসা সময়ের; মাঠের ভেতরে ও বাইরে এই দুই ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে কাটিয়েছেন ভালো-খারাপ সময়, অনেক চ্যালেঞ্জিং মুহূর্ত, উদযাপন করেছেন কত কত সাফল্য।
“সত্যি বলতে, এটা (তাদেরকে হারানো) কঠিন। পেশাগত জীবনের পুরোটা ফুটবলে কাটানোর পর, একটা সময় আসে যখন চারপাশের মানুষগুলো বিদায় নিতে শুরু করে। তখন উপলব্ধি হয়, নিজের (অবসরের) সময়টাও হয়তো কাছে চলে এসেছে।”
“মাঠে ও মাঠের বাইরে আমাদের মধ্যে সবসময়ই দারুণ বোঝাপড়া ছিল। আমরা অনেক কিছু ভাগ করে নিয়েছি, এমনকি আমাদের পরিবারও খুব ঘনিষ্ট। তাই হ্যাঁ, (তাদের বিদায়ে) বন্ধু হারাচ্ছি, ফুটবলের ভেতরে বাইরে সবখানে।”
মেসি বুঝতে পারছেন, তার বন্ধুদের সিদ্ধান্ত সময়ের দাবি। তবুও হৃদয়ে যে এক ধরনের শূন্যতা তৈরি করছে, তা এড়ানো কঠিন।
“তাদের জন্যও মুহূর্তটা কঠিন। কারণ, ভালোবাসার কোনো কিছু ছেড়ে যাওয়া কখনোই সহজ হয় না।”
তারা তিনজনই বার্সেলোনার সোনালি সময়ের স্বাক্ষী হয়ে রচনা করেছেন ইতিহাস। বার্সেলোনায় ‘বি’ দল থেকে ২০০৮-০৯ মৌসুমে পেপ গুয়ার্দিওলার মূল দলে উঠে এসে ঐতিহাসিক ‘ট্রেবল’ জয়ের অংশ হয়েছিলেন মিডফিল্ডার বুসকতেস। ডিফেন্ডার আলবা ২০১২ সালে ভালেন্সিয়া থেকে কাম্প নউয়ে যোগ দিয়ে ক্লাবটির অনেক সাফল্যের কারিগর হয়ে ওঠেন। মাঝে ছোট্ট বিরতির পর ভিন্ন দেশ ও লিগে তারা আবার মেসির সঙ্গে জুটি বাঁধেন, মায়ামির জার্সিতে।
মেজর লিগ সকারের প্লে-অফ সিরিজে রোববার ভোরে দ্বিতীয় লেগে ন্যাশভিলের বিপক্ষে মাঠে নামবেন তারা তিনজনই। প্রথম লেগে মেসির জোড়া গোলে ৩–১ ব্যবধানে জিতে এগিয়ে আছে মায়ামি।