‘হৃদস্পন্দনে অনিয়ম’, অস্ত্রোপচার করাতে হবে ম্যাকটমিনের
এক মাস মাঠের বাইরে থাকতে হবে নাপোলির এই মিডফিল্ডারকে।
হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন স্কট ম্যাকটমিনে। অস্ত্রোপচার করাতে হবে তার। ফলে এক মাস মাঠের বাইরে থাকতে হবে নাপোলির এই মিডফিল্ডারকে।
ইতালিয়ান ক্লাবটি মঙ্গলবার বিবৃতি দিয়ে জানিয়েছে, ম্যাকটমিনের ‘হৃদযন্ত্রে হালকা অনিয়মিত হৃদ্স্পন্দন’ ধরা পড়েছে। যে কারণে শল্যবিদের ছুরিকাঁচির নিচে যেতে হবে স্কটল্যান্ডের এই ফুটবলারকে।
আগামী আন্তর্জাতিক বিরতির পর ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই ফুটবলারকে আবারও পেতে আশাবাদী নাপোলি।
স্কটল্যান্ডের হয়ে নেশন্স লিগের চারটি ম্যাচে খেলতে পারবেন না ২৯ বছর বয়সী ম্যাকটমিনে। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের মধ্যে ম্যাচগুলো হওয়ার কথা। এই সময়ে স্লোভেনিয়ার বিপক্ষে দুটি এবং সুইজারল্যান্ড ও নর্থ মেসেডোনিয়ার বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে তারা।
