১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চোট কতটা ভুগিয়েছে, বললেন ইয়ামাল

চোটের জন‍্য খেলা উপভোগ করছিলেন না বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড।

চোট কতটা ভুগিয়েছে, বললেন ইয়ামাল
লামিনে ইয়ামাল। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2026, 03:18 PM

Updated : 26 Aug 2026, 03:03 PM

ক‍্যারিয়ারের প্রথম হ‍্যাটট্রিকের পর অনেক মাস ধরে ভোগানো কুঁচকির চোট নিয়ে কথা বলেছেন লামিনে ইয়ামাল। বার্সেলোনার তরুণ স্প‍্যানিশ ফরোয়ার্ড জানিয়েছেন, সমস‍্যা থেকে পুরোপুরি মুক্ত হয়ে খেলাটা আবার উপভোগ করছেন তিনি।  

লা লিগার ম‍্যাচে শনিবার ভিয়ারেয়ালকে ৪-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। স্প‍্যানিশ চ‍্যাম্পিয়নদের তিনটি গোল করেছেন ইয়ামাল, একটি রবের্ত লেভানদোভস্কি।

ম‍্যাচ শেষের প্রতিক্রিয়ায় ইয়ামাল বললেন, খেলায় প্রভাব ফেলেছিল ওই চোট।

“আমি ভালো অনুভব করছিলাম। এটা ছিল সবকিছুর যোগফল। আমার মনে হয়, কুঁচকি ওই সমস‍্যা আমি পেরিয়ে এসেছি। তবে আমি খেলাটা উপভোগ করছিলাম না। আমার মনে হয়, এটা বোঝাও গেছে।” 

“গত সপ্তাহ বা এর কাছাকাছি সময় থেকে আমি অনেক ভালো অনুভব করছি। মাঠে হাসি মুখে থাকার ওই আকাঙ্ক্ষা আমার আছে। লম্বা সময় ধরে সেটা ছিল না, এখন আমি খুশি এবং খেলাটা উপভোগ করছি।”

ভক্তদের প্রত‍্যাশা কতটা বুঝতে পারছেন ইয়ামাল। যতটা সম্ভব সেই চাওয়া অনুযায়ী খেলার প্রতিশ্রুতি দিলেন এই তরুণ। 

“মানুষ চায় যেন ১০০ গোল করি। এটা করতে আমারও ভালো লাগবে। তবে ধীরে, ধীরে। একটা, দুইটা করে… দলকে সাহায‍্য করতে আমার সবচেয়ে ভালো লাগে।”

“আজকের জয়ে আমি খুব খুশি। আমি জানি না, দ্বিতীয় গোলটি সেরা গোলের একটি কিনা… আমি এই ক্লাবের হয়ে খেলা, এই স্টেডিয়ামে খেলা উপভোগ করি।”

লা লিগার এই জয়ের আত্মবিশ্বাস কোপা দেল রেতে নিয়ে যেতে চান ইয়ামাল। সেমি-ফাইনালের প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ৪-০ গোলে হারায় তাদের সামনে অপেক্ষা করছে ভীষণ কঠিন এক চ‍্যালেঞ্জ।

“আতলেতিকোর বিপক্ষে সবকিছুই সম্ভব। আমরা নিজেদের সবটুকু দেব… ঘুরে দাঁড়ানো সম্ভব।”

২৬ ম্যাচে ২১ জয় ও এক ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ৬৪। এক ম্যাচ কম খেলে ৬০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রেয়াল মাদ্রিদ। ২৬ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তিনে আছে ভিয়ারেয়াল।