১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

‘আমার মনে হয়, ফাইনালে আবার দেখা হবে বাংলাদেশের সঙ্গে’

বাংলাদেশকে হারিয়ে উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপসেরা হওয়ার পর এ কথাই বললেন ভারত কোচ ক্রিসপিন ছেত্রি।

‘আমার মনে হয়, ফাইনালে আবার দেখা হবে বাংলাদেশের সঙ্গে’
ফাইনালে ভারত ও বাংলাদেশকে দেখছেন ভারত কোচ ক্রিসপিন ছেত্রি। ছবি: বাফুফে

মোহাম্মদ জুবায়ের মোহাম্মদ জুবায়ের

গোয়া থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2026, 08:29 AM

Updated : 11 Sep 2026, 03:19 PM

মিক্সড জোন দিয়ে ভারতের খেলোয়াড়েরা যখন টিম বাসের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছিলেন, তাদের চোখে মুখে বাংলাদেশকে হারানোর উচ্ছ্বাস ঠিকরে পড়তে লাগল। আভিকা-গ্রেসিরা কেউ অবশ্য গণমাধ্যমকর্মীদের সাথে কথা বললেন না। কথা বললেন শুধু তাদের কোচ ক্রিসপিন ছেত্রি। বাংলাদেশের সাথে ফাইনালে ফের দেখা হবে, এমন আশাবাদও জানালেন তিনি!

গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে রোববার ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশকে ৩-০ গোলে হারিয়েছে ভারত। দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েছে প্রতিযোগিতার রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নরা। ৩ পয়েন্ট নিয়ে রানার্সআপ বাংলাদেশ।

সেমি-ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন নেপালের। ভুটান ও শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সেমি-ফাইনালে উঠেছে তারা। গতবারের রানার্সআপদের হারিয়ে ফাইনালের মঞ্চে উঠবেন মনিকা-মারিয়ারা, এমনটা ধরেই নিচ্ছেন ভারত কোচ ছেত্রি।

“বাংলাদেশ একটি তরুণ দল নিয়ে এসেছে। তো, যখন আপনি একটি তরুণ দল নিয়ে আসবেন, তখন আপনাকে প্রক্রিয়ার ওপর ভরসা রাখতে হবে। তাই আমার মনে হয়, তারা বেশ ভালো কাজ করেছে;  ফাইনালে আমাদের আবার দেখাও হবে।”

২০২২ ও ২০২৪ সালের সাফে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পথে ভারতকে গ্রুপ পর্বে হারিয়েছিল বাংলাদেশ। ছেত্রি জানালেন, ওই দুই আসরের ব্যর্থতার পর তার দল পুনর্নির্মাণের মধ্যে আছে। 

“আমার মনে হয়, গতবারের পর থেকে আমাদের দল একটা রূপান্তরের মধ্যে দিয়ে চলছে। এখন আপনি দলে সব তরুণ খেলোয়াড়দের দেখতে পাচ্ছেন। বাংলাদেশ যা করছে, আমরাও ঠিক একইভাবে এগোচ্ছি। সুতরাং এটি একটি প্রক্রিয়া; তাই কখনো ফলাফল আপনার পক্ষে আসবে, আবার কখনো বিপক্ষে যাবে, তবে, আমাদের এই প্রক্রিয়ার ওপর বিশ্বাস রাখতে হবে।”

ম্যাচের দ্বিতীয় মিনিটে ভারতের রক্ষণের ভুলে দারুণ সুযোগ পেয়েছিলেন আনিকা রানিয়া সিদ্দিকী। মালদ্বীপ ম্যাচে ১১ সেকেন্ডে গোল পাওয়া এই সুইডিশ ফরোয়ার্ড সুযোগ নষ্ট করেন গোলকিপার বরাবর মেরে। আনিকা গোল পেলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত কিনা, এমন প্রশ্নে ভারত কোচ অবশ্য দিলেন কৌশলী উত্তর।

“দেখুন, এটাই তো…এভাবেই আপনি খেলোয়াড়দের মানসিকতা বুঝতে পারবেন। আমার মনে হয়, আমাদের খেলোয়াড়রা এই ম্যাচের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিল। বাংলাদেশের খেলোয়াড়দের চেয়ে অনেক বেশি প্রস্তুত ছিল।”