১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অবামেয়াংয়ের ছাঁটাই ও জাতীয় দলের স্থগিতাদেশ তুলে নিল গ্যাবন সরকার

এতেও ফুটবল ফেডারেশনে সরকারি হস্তক্ষেপের কারণে ফিফার নিষেধাজ্ঞার ঝুঁকি কমছে না গ্যাবনের।

অবামেয়াংয়ের ছাঁটাই ও জাতীয় দলের স্থগিতাদেশ তুলে নিল গ্যাবন সরকার
পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের (ডানে)। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2026, 05:41 PM

Updated : 26 Aug 2026, 05:33 PM

দেশের ফুটবল নিয়ে যে বিস্ময়কর সিদ্ধান্ত নিয়েছিল গ্যাবন সরকার, সেখান থেকে সরে এসেছে তারা। পিয়েরে-এমেরিক অবামেয়াং ও ব্রুনো ইকুয়েল মাঙ্গার ছাঁটাই এবং জাতীয় দলের স্থগিতাদেশ তুলে নিয়েছেন দেশটির নতুন ক্রীড়ামন্ত্রী।

আফ্রিকা কাপ অব নেশন্সের গ্রুপ পর্ব থেকে গ্যাবনের বিদায়ের পর ক্ষুব্ধ হয়ে ওঠেন দেশটির ভারপ্রাপ্ত ক্রীড়ামন্ত্রী সিম্পলাইস-দিজিরে মাম্বোলা। টেলিভিশনে অবামেয়াং ও মাঙ্গাকে বাদ দেওয়ার পাশাপাশি গোটা কোচিং স্টাফকে বহিষ্কার করার ঘোষণা দেন তিনি। সঙ্গে জাতীয় দলের ওপর দেন স্থগিতাদেশ।

আগের সেই সিদ্ধান্ত থেকে সরে আসার কথা সোমবার বিবৃতি দিয়ে জানান গ্যাবনের নতুন ক্রীড়া মন্ত্রী পল উলরিক কেসানি। 

যদিও এতে ফুটবল ফেডারেশনে সরকারি হস্তক্ষেপের কারণে ফিফার নিষেধাজ্ঞার ঝুঁকি কমছে না গ্যাবনের। কোনো দেশের ফুটবল ফেডারেশনে সরকারি বা বাইরের কোনো ধরনের হস্তক্ষেপ ফিফা কখনোই মেনে নেয় না। এই ধরনের ঘটনায় সংশ্লিষ্ট দেশকে নিষেধাজ্ঞা দেওয়া হয়ে থাকে।

মহাদেশ সেরার প্রতিযোগিতায় এবার ‘এফ’ গ্রুপে প্রথম দুই রাউন্ডে ক্যামেরুন ও মোজাম্বিকের বিপক্ষে হেরে বিদায় নিশ্চিত হয়ে যায় গ্যাবনের। শেষ ম্যাচে শিরোপাধারী কোত দি ভোয়ার বিপক্ষে ২ গোলে এগিয়ে যাওয়ার পরও ৩-২ ব্যবধানে হেরে যায় তারা।

কোত দি ভোয়ার বিপক্ষে ম্যাচটি দিয়ে গ্যাবন তারকা স্ট্রাইকার অবামেয়াংয়ের প্রায় দেড় যুগের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি ঘটবে, এমন ধারণা করেছিলেন অনেকে। কিন্তু অবামেয়াং ও মাঙ্গার কেউই ওই ম্যাচে খেলেননি। ঊরুর চোটের কারণে জাতীয় দল ছেড়ে ক্লাব মার্সেইয়ে ফিরে যান আর্সেনাল, বার্সেলোনা ও চেলসির সাবেক ফুটবলার অবামেয়াং।