১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মেসির বার্সেলোনায় ফিরতে না পারার কারণ জানা গেল

কাতালান ক্লাবটির নির্বাচনের কয়েক দিন আগে শাভি এর্নান্দেসের সাক্ষাৎকার সভাপতি প্রার্থী হুয়ান লাপোর্তার জন্য বড় ধাক্কা হতে পারে।

মেসির বার্সেলোনায় ফিরতে না পারার কারণ জানা গেল
ক্যারিয়ারের সেরা ও সাফল্যে ভরা সময়টা বার্সেলোনায় কাটিয়েছেন লিওনেল মেসি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2026, 05:46 PM

Updated : 26 Aug 2026, 03:07 PM

বার্সেলোনার নড়বড়ে সময়ে দায়িত্ব নিয়ে দলকে বেশ গুছিয়ে নেন শাভি এর্নান্দেস। এমনকি ক্লাবের ইতিহাসে সেরা ফুটবলার লিওনেল মেসিকে ফেরানোর জোরাল সম্ভাবনাও তৈরি করেন তিনি; কিন্তু শেষ পর্যন্ত ভেস্তে যায় পুরো প্রক্রিয়া। অনেক দিন পর এসে, সেই ঘটনা তুলে ধরলেন ক্লাবটির সাবেক ফুটবলার ও ওই সময়ের কোচ শাভি। কোনো রাখঢাক না রেখেই বললেন, বার্সেলোনার সাবেক সভাপতি হুয়ান লাপোর্তার অনিচ্ছায় ফিরতে পারেননি মেসি।

আর্থিক সঙ্কটের কারণে ২০২১ সালে মেসিকে ছেড়ে দিতে বাধ্য হয় বার্সেলোনা। আর্জেন্টাইন তারকা তখন ইচ্ছার বিরুদ্ধে জীবনের প্রিয় ঠিকানা ছেড়ে যোগ দেন পিএসজিতে। ফরাসি ক্লাবটিতে পরের দুই বছরে মেসির সময় একদমই আশানুরূপ কাটেনি। সেই সময় মাঝেমধ্যেই শোনা যেত তার কাম্প নউয়ে ফেরার গুঞ্জন।

শেষ পর্যন্ত যদিও তা আলোর মুখ দেখেনি; সেই কারণই এবার জানালেন শাভি। স্প্যানিশ দৈনিক পত্রিকা ‘লা ভানগার্দিয়া’-কে দেওয়া সাক্ষাৎকারে বিস্তারিত জানিয়েছেন তিনি।

“লাপোর্তা সত্যি বলছে না…সে (মেসি) বিশ্বকাপ জয়ের পর, আমি তার সঙ্গে যোগাযোগ করি এবং তখন সে আমাকে বলে যে, (বার্সেলোনার) ফিরে আসার ব্যাপারে সে রোমাঞ্চিত এবং আমিও সম্ভাবনা দেখছিলাম। আমরা মার্চ পর্যন্ত কথা বলেছিলাম এবং তাকে বলেছিলাম, ‘তুমি যখন আমাকে হ্যাঁ বলবে, তখনই আমি সভাপতিকে বলব।’ লা লিগার পক্ষ থেকেও সেক্ষেত্রে সবুজ সংকেত ছিল, কিন্তু লাপোর্তা সবকিছু বাতিল করে দেয়।” 

“তিনি আমাকে ঠিক এভাবে বলেছিলেন, যদি মেসি ফিরে আসে, তাহলে সে (মেসি) তার (লাপোর্তা) সঙ্গে যুদ্ধ শুরু করবে, আর এটা তিনি হতে দেবেন না। লিওর সঙ্গে আমি কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু সে তখন ফোন ধরেনি। আমি তার বাবার সঙ্গে কথা বলি এবং তাকে বলি যে, (কী হলো) কিছুই বুঝতে পারলাম না। তখন তিনি আমাকে বলেন, সভাপতির (লাপোর্তা) সঙ্গে কথা বলতে। সবকিছু ঠিকঠাক ছিল, মাইকেল জর্ডানের ‘লাস্ট ডান্সের’ মতো মেসির ক্যারিয়ারের শেষ ধাপ (বার্সেলোনায়) হতো।”

কোচ শাভির সঙ্গেও ভালো আচরণ করেনি লাপোর্তার বার্সেলোনা। বার্সেলোনার খুব কঠিন সময়ে দায়িত্ব নিয়ে পরের মৌসুমে দলকে লা লিগা শিরোপা জেতান তিনি।

কিন্তু পরের মৌসুমে আবার পথ হারিয়ে ফেলে বার্সেলোনা। টানা ব্যর্থতায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন শাভি; কিন্তু বোর্ডের অনুরোধে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। যদিও মাসখানেকের মধ্যে আবার সবকিছু বদলে যায়; ২০২৪ সালের মে মাসে হঠাৎ করেই শাভিকে সরিয়ে দেওয়ার ঘোষণা দেয় বার্সেলোনা!

সেই তিক্ত ঘটনার দেড় বছরেরও বেশি সময় পর, ক্লাবের নির্বাচনের সপ্তাহখানেক আগে মুখ খুললেন শাভি। 

তার সাক্ষাৎকারে সেই প্রসঙ্গও উঠল। প্রস্তাব পেলে আবার কখনও পুরনো ঠিকানায় ফিরবেন কি-না, এই প্রশ্নে যেন পুরনো ক্ষোভ নতুন করে জেগে ওঠে শাভির মনে। ওঠে আবার মেসি প্রসঙ্গ।

“আমি কখনও আর বার্সায় ফিরব না। (সেখানে) খেলোয়াড় ও কোচ হিসেবে আমার সময় শেষ হয়ে গেছে। এখন আমি কেবল সত্য বলতে চাই। মেসি বার্সেলোনায় ফেরেনি, কারণ লাপোর্তা তাকে ফেরাতে চায়নি।”

“তার বাবা অনেক বেশি অর্থ চেয়েছিলেন কিংবা লা লিগা চায়নি, এসব মিথ্যা। ক্লাবে সব ক্ষমতা ছিল লাপোর্তার এবং তিনি জানতেন যে, মেসি ফিরলে সে তার ক্ষমতায় ভাগ বসাবে।”