গাঁজার প্রকট গন্ধে খেলা থামালেন সাবালেঙ্কা
ইউএস ওপেনে চলার সময় এমন ঘটনা আগেও ঘটেছে।
এক অনাকাঙ্ক্ষিত ও বিব্রতকর ঘটনার সাক্ষী হলো ইউএস ওপেন। তৃতীয় রাউন্ডে কামিল্লা রাখিমোভার বিপক্ষে ম্যাচ চলার সময় গাঁজার তীব্র গন্ধে খেলা থামিয়ে দেন আরিনা সাবালেঙ্কা।
বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামে শুক্রবার প্রথম রাউন্ডে ৩-০ গেমে এগিয়ে থাকার সময় এই অভিযোগ তোলেন সাবালেঙ্কা। আম্পায়ার ইভা আসদেরাকি-মুরকে তিনি বলেন, “কেউ একজন গাঁজা সেবন করছে।”
সমস্যার সমাধানের জন্য আম্পায়ারকে অনুরোধ করেন নারী এককের নাম্বার ওয়ান তারকা। তখন আম্পায়ার তার রেডিওতে এক ম্যাচ-অফিসিয়ালের সঙ্গে কথা বলেন এবং পেছনে থাকা একজনের দিকে ধূমপানের ইঙ্গিত করেন। এরপর খেলা শুরু হয়।
পরে খেলায় আর কোনো বিপত্তি ঘটেনি। দাপুটে পারফরম্যান্সে ৬-৩, ৬-৪ গেমে জিতে চতুর্থ রাউন্ডে ওঠেন সাবালেঙ্কা।
নারী এককে এখানে হ্যাটট্রিক শিরোপা জয়ের অভিযানে দারুণ ছন্দে এগিয়ে চলেছেন ২৮ বছর বয়সী তারকা। আসরে তিন ম্যাচ খেলে এখনও কোনো সেট হারেননি তিনি।
ম্যাচের পর সাবালেঙ্কা জানান, গাঁজার গন্ধ ঠিক কোথা থেকে আসছিল, নিশ্চিত নন তিনি। তবে সমর্থকদের আরও সচেতন হওয়ার অনুরোধ করেন মোট চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা।
“নিজের সর্বোচ্চটা দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার সময় এই গন্ধ সহ্য করা বেশ কঠিন। আমি জানি না, এটা গ্যালারি থেকে নাকি বাইরে থেকে আসছিল, কারণ স্টেডিয়ামে হাওয়া বইছিল।”
ইউএস ওপেনে চলার সময় এমন ঘটনা আগেও ঘটেছে। ফ্লাশিং মিডোসে গাঁজার গন্ধ পাওয়ার অভিযোগ আগেও অনেক খেলোয়াড় তুলেছেন। গত কয়েক বছরে যেমন এই অভিযোগ করেন নোভাক জোকোভিচ ও আলেক্সান্ডার স্ফেরেফ।
ফ্লাশিং মিডোসে ধূমপান করার অনুমতি নেই। তবে পাশের করোনা পার্ক থেকে গাঁজার গন্ধ মাঝেমধ্যে টেনিস কোর্টে পাওয়া যায়।
নিউ ইয়র্কে ২১ বছর বা এর বেশি বয়সের মানুষের ধূমপান করার অনুমতি আছে।
