২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

‘খুশিতে আত্মহারা’ হচ্ছেন না ক্যারিক

লিগ টেবিলে আরও ভালো অবস্থানে থাকার প্রত্যাশাও জানিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ।

‘খুশিতে আত্মহারা’ হচ্ছেন না ক্যারিক
মাইকেল ক্যারিক। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2026, 06:52 PM

Updated : 26 Aug 2026, 03:01 PM

মৌসুমে টানা ব্যর্থতার পর, মাইকেল ক্যারিক দায়িত্ব নিয়ে যেন বদলে দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড দলকে। ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের পরের মৌসুমে খেলার সম্ভাবনাও উজ্জ্বল করেছে তারা। এতে বেশ খুশি হলেও, এখনই আনন্দে আত্মহারা হওয়ার কিছু দেখছেন না ক্যারিক। 

সাবেক কোচ হুবেন অ্যামুরি ছাঁটাই হওয়ার পর, অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ইউনাইটেডের দায়িত্ব পান ক্যারিক। এবং তিনি আসতেই যেন ছন্দ ফিরে পায় দলটি। প্রিমিয়ার লিগে টানা চারটি ম্যাচ জয়ের পর, গত রাউন্ডে ওয়েস্ট হ্যামের বিপক্ষে হারতে বসে শেষ মুহূর্তে বেনইয়ামিন শেষকোর গোলে ১-১ ড্র করে ইউনাইটেড। 

যেন আগের সেই লড়াকু, হার না মানা মনোভাব ফিরে পেয়েছে ইউনাইটেড। ২৬ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে উঠেছে পঞ্চম স্থানে।  

লিগ টেবিলে ২৮ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি। তৃতীয় স্থানে থাকা অ্যাস্টন ভিলার পয়েন্ট ৫১। ম্যানচেস্টার ইউনাইডের সমান পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চেলসি, তারা অবশ্য একটি ম্যাচ বেশি খেলেছে। 

তাই সোমবার এভারটনের মাঠে জিততে পারলে চতুর্থ স্থানে উঠবে ক্যারিকের দল। তবে লিগের এখনও অনেকটা পথ বাকি। তাই এখনই খুব আনন্দিত হওয়ার কিছু দেখছেন না ৪৪ বছর বয়সী কোচ।

“কয়েক সপ্তাহ পর হঠাৎ আমরা খুশিতে আত্মহারা হয়ে পড়ছি না। আমরা জানি, আমরা কোথায় আছি; বেশ ভালো অবস্থানেই আছি। এর চেয়ে ভালো অবস্থায় থাকতে পারলে আরও ভালো লাগবে; কিন্তু এই মুহূর্তে আমরা ভালো পজিশনে আছি।”

“আমরা ইতিবাচক আছি। আমি মনে করি, আমাদের এমনই থাকা উচিত। সামনে অনেক ভালো কিছু নেওয়ার এবং দেখার আছে। কিন্তু আবারও বলছি, সবকিছু আমাদের ওপর নির্ভর করছে…সুযোগ কাজে লাগাতে পারব কিনা, সেটা আমাদের উপর নির্ভর করছে।”