উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ
Published : 04 Jun 2026, 07:57 PM
দিনটি ছিল রিকভারির। তবে, মাঠের অনুশীলন না থাকলেও, ভারতের বিপক্ষে উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল সামনে রেখে ব্যস্ত সময় কেটেছে বাংলাদেশ কোচ পিটার জেমস বাটলারের। খেলোয়াড়দের অনেকের সঙ্গে আলাদা কথা বলেছেন তিনি। এদের মধ্যে একজন আনিকা রানিয়া সিদ্দিকী। সুইডেন প্রবাসী এই ফরোয়ার্ড যে এখনও কোচের প্রত্যাশা পূরণ করতে পারেননি।
পর্যটন নগরী গোয়ায় প্রথমবার সাফ খেলতে এসে অবশ্য দারুণ শুরু করেন আনিকা। মালদ্বীপের বিপক্ষে ১১ সেকেন্ডে গোল করে হইচই ফেলে দেন তিনি। কিন্তু এরপর, সময়ের সঙ্গে হয়ে পড়েন বিবর্ণ। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ৩-০ গোলে হেরে যাওয়া ম্যাচে ছিলেন একদমই নিষ্প্রাণ।
সেমি-ফাইনালে নেপালের বিপক্ষেও জ্বলে উঠতে পারেননি আনিকা। দুই উইং ধরে ঋতুপর্ণা চাকমা ও শামসুন্নাহার জুনিয়র কিংবা সুরভি আকন্দ প্রীতির বাড়ানো বলে তিনি সাড়া দিতে পারেননি প্রত্যাশা অনুযায়ী। ওই ম্যাচে পিছিয়ে পড়া দলকে প্রথমার্ধের শেষ দিকে অলিম্পিক গোলে সমতায় ফেরান ঋতুপর্ণা চাকমা।
দ্বিতীয়ার্ধেও আক্রমণভাগের ধার না ফেরায় ৭২তম মিনিটে আনিকাকে তুলে নেন বাটলার, নামান সাগরিকাকে। এরপর বাংলাদেশের খেলায় গতি বাড়ে। যোগ করা সময়ে নেপালের রক্ষণে প্রচণ্ড চাপ দেয় দল। তাতে ভেঙে পড়ে গত আসরের রানার্সআপরা। প্রীতি রায়ের আত্মঘাতী গোলে ফাইনালে ওঠে বাংলাদেশ।
আনিকা আক্রমণের কেন্দ্রে থাকায় এই আসরে সেভাবে সুযোগই পাননি তহুরা খাতুন, যিনি ২০২৪ সালের সাফে ছিলেন দলের সর্বোচ্চ গোলদাতা, পাঁচটি। এবার তহুরা খেলছেন বদলি হিসেবে। নেপালের বিপক্ষে ৪০তম মিনিটে উমহেলা মারমাকে তুলে তাকে নামান বাটলার। যদিও তহুরাও পাননি জালের দেখা।
চলতি আসরে এ পর্যন্ত জালের দেখা একবার করে পেয়েছেন পাঁচজন-মালদ্বীপের বিপক্ষে আনিকা, উমহেলা, সুরভি আকন্দ প্রীত ও কোহাতি কিসকু। আর ঋতুপর্ণ সেমি-ফাইনালে।
জওহরলাল নেহেরু স্টেডিয়ামে শনিবার ভারতের বিপক্ষে জিততে হলে গোল চায় বাংলাদেশের। দলের একটি সুত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছে, রিকভারির দিনে আনিকার সাথে আলাদাভাবে কথা বলেছেন বাটলার। তাকে নাকি এমনটাও বলেছেন, প্রত্যাশা পূরণ করতে না পারলে বেঞ্চে বসতে হবে!