২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

'কেইনের এখনও শিরোপা জিততে না পারাটা হতাশার'

হ্যারি কেইনকে শিরোপার স্বাদ দিতে চান টটেনহ‍্যাম হটস্পার কোচ আন্তোনিও কন্তে।

স্পোর্টস ডেস্ক

Published : 03 Sep 2022, 06:57 PM

Updated : 03 Sep 2022, 06:57 PM

ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে লম্বা সময় ধরে সফল স্ট্রাইকারদের একজন হ্যারি কেইন। তবে কোনো পর্যায়েই এখনও শিরোপা জিততে পারেননি তিনি। তার ক্যারিয়ারের এই অপ্রাপ্তিতে খারাপ লাগছে টটেনহ্যাম হটস্পার কোচ আন্তোনিও কন্তেরও।

ইতালিয়ান কোচের মতে, ব্যক্তিগত নৈপুণ্যে এমন দারুণ একজন ফুটবলারের শিরোপা জেতাটা যেন প্রাপ্য হয়ে গেছে।

পেশাদার ক্যারিয়ারে অনেক ব্যক্তিগত রেকর্ড গড়া কেইন দাঁড়িয়ে আছেন আরেকটি মাইলফলকের সামনে। প্রিমিয়ার লিগে শনিবার ফুলহ্যামের বিপক্ষে জালের দেখা পেলে লন্ডন ডার্বিতে ৪২ গোল হবে কেইনের। এরই সঙ্গে পাশে বসবেন আর্সেনাল কিংবদন্তি থিয়েরি অঁরির সঙ্গে (৪২ গোল)।

একের পর এক ব্যক্তিগত অর্জনের দেখা পেলেও ক্লাব ও জাতীয় দলের হয়ে কখনই চূড়ান্ত সাফল্য পাননি ২৯ বছর বয়সী কেইন। খুব কাছাকাছি গিয়েছিলেন কয়েকবার।

টটেনহ্যামের হয়ে ২০১৮-১৯ চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে হারতে হয়েছিল লিভারপুলের কাছে। ইংলিশ কাপে কেইনের দল রানার্সআপ হয়েছে দুইবার।

জাতীয় দলের হয়েও স্বপ্নভঙ্গের যন্ত্রণায় পুড়তে হয়েছে কেইনকে। গত বছর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে তার অধিনায়কত্বে ফাইনালে জায়গা করে নিয়েছিল ইংল্যান্ড। টাইব্রেকারে তাদের হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইতালি।

টটেন্যামের হয়ে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৯১ ম্যাচে ২৫২ গোল করেছেন কেইন। জাতীয় দলের হয়ে ৭৩ ম্যাচে জালের দেখা পেয়েছেন ৫০ বার।

ব্যক্তিগতভাবে দারুণ পারফরম্যান্সের পরও কেইনের দলগত সাফল্যের দেখা না পাওয়ার বিষয়টি মেনে নিতে পারছেন না কন্তে। গত শুক্রবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই ইংলিশ তারকার আরও সাফল্য পাওয়া উচিত।

“রেকর্ডটি (লন্ডন ডার্বিতে ৪২ গোল) বলে দিচ্ছে যে সে বিশেষ কিছু করছে এবং আমি মনে করি, হ্যারি তার ক্যারিয়ারে ব্যক্তিগত অর্জনের হিসাবে বিশেষ কিছুই করছে।”

“এটা সত্যিই দুঃখের বিষয় যে এত এত গোল করার পরও সে এখনও (শিরোপা) জিততে পারেনি। একজন খেলোয়াড় যখন জাতীয় দল ও ক্লাবের জন্য অনেক অনেক গোল করে, তখন স্বাভাবিকভাবেই সে শিরোপার দাবিদার হয়ে ওঠে।”

টটেনহ্যামের হয়ে সেই শূন্যতা ঘোচাতে কেইনকে সাহায্য করতে চান কন্তে। তার বিশ্বাস, জাতীয় দলের হয়েও একদিন শিরোপা জিতবে কেইন।

“আমরা সেই পথে চেষ্টা করছি এবং তাকে লক্ষ্য অর্জনে সহায়তা করছি। আপনারা খুব ভালো করেই জানেন যে হ্যারি আমাদের জন্য একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং আমরা একজন বিশ্বমানের স্ট্রাইকারকে নিয়ে কথা বলছি। আমি হ্যারির মধ্যেও বিশেষ কিছু করার তাড়না দেখতে পাই।”

“এখানে জয় মানে বলা হচ্ছে, শিরোপা জয়। প্রিমিয়ার লিগ, এফএ কাপ, লিগ কাপ বা চ্যাম্পিয়ন্স লিগ জয়। জাতীয় দলের হয়ে বিশ্বকাপ, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিততে হবে। আমরা একজন শীর্ষ খেলোয়াড়কে নিয়ে কথা বলছি এবং আমি মনে করি এইসব শিরোপা তার প্রাপ্য।

এবারের লিগে ৫ ম্যাচে ৩ জয় ও দুই ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে তিন নম্বর স্থানে আছে গত আসর চারে থেকে শেষ করা টটেনহ্যাম। নিজেদের সবশেষ ১১ ম্যাচে অপরাজিত রয়েছে কন্তের দল।