ফিফা সভাপতি বললেন ‘অগ্রহণযোগ্য’, ক্ষমা চাইলেন সেনেগাল কোচ
ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আফ্রিকান ফুটবল কনফেডারেশন।
আফ্রিকা কাপ অব নেশন্সের ফাইনালে বিশৃঙ্খল সমাপ্তির পর সেনেগালের খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্যদের আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি বলেছেন, ফুটবলে সহিংসতা এবং খেলার মাঝে মাঠ ছেড়ে যাওয়ার কোনো সুযোগ নেই।
ফাইনালে মরক্কোকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া সেনেগালকে অভিনন্দন জানানোর পাশাপাশি তাদের আচরণের সমালোচনা করেন ইনফান্তিনো।
“আমরা মাঠে ও স্ট্যান্ডে অগ্রহণযোগ্য দৃশ্যও দেখেছি, কিছু সমর্থক, সেনেগালের কিছু খেলোয়াড় ও টেকনিক্যাল স্টাফের সদস্যের আচরণের তীব্র নিন্দা জানাই আমরা। এভাবে খেলার মাঝে মাঠ ছেড়ে যাওয়া অগ্রহণযোগ্য এবং একইভাবে আমাদের খেলায় সহিংসতা সহ্য করা হবে না, এটা ঠিক নয়।”
“আমাদের সবসময় খেলার মাঠে ও বাইরে ম্যাচ অফিসিয়ালদের নেওয়া সিদ্ধান্তকে সম্মান করতে হবে। দলগুলোকে মাঠে এবং খেলার আইনের মধ্যে থাকতে হবে, কারণ তা না হলে ফুটবলের মূল বিষয় ঝুঁকির মধ্যে পড়ে যায়।”
মরক্কোর রাজধানী রাবাতে রোববার রাতের ফাইনালে ৯০ মিনিট শেষে যোগ করা সময়ে ফাউলের শিকার হন স্বাগতিকদের ব্রাহিম দিয়াস। লম্বা সময় ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। মনিটরে দেখার সময়ই রেফারিকে ঘিরে ধরেছিলেন ফুটবলারদের অনেকে। তার সিদ্ধান্তের পর ক্ষুব্ধ হয়ে ওঠে সেনেগালের ফুটবলাররা ও কোচিং স্টাফ।
অবিশ্বাস্যভাবে, একটু পর গোটা দলকে মাঠ ছাড়তে বলেন সেনেগাল কোচ পাপ চাও। কোচের নির্দেশনা মেনে মাঠ ছেড়ে যান একজন ছাড়া সবাই। কেবল দলের সবচেয়ে বড় তারকা সাদিও মানে রয়ে যান মাঠে। মানে পরে ড্রেসিং রুমে গিয়ে গোটা দলকে বুঝিয়ে আবার মাঠে নামান। দিয়াস পেনাল্টিতে ব্যর্থ হওয়ার পর অতিরিক্ত সময়ের গোলে জিতে যায় সেনেগাল।
নিজের ওই আচরণের জন্য অনুতপ্ত চাও। বিন স্পোর্টসে সেনেগাল কোচ দাবি করেন, তিনিই আবার খেলোয়াড়দের মাঠে ফিরিয়ে এনেছিলেন।
“আমরা এতে (রেফারির পেনাল্টির সিদ্ধান্তে) একমত হইনি। আমি ম্যাচের ঘটনাগুলো নিয়ে আলোচনা করতে চাই না। আমার খেলোয়াড়দের মাঠ ছেড়ে যেতে বলার জন্য আমি সত্যিই অনুতপ্ত। এর জন্য আমি ক্ষমা চাইছি- ফুটবলের কাছে ক্ষমা চাইছি। সবকিছু ভাবার পর আমি তাদের ফিরিয়ে এনেছি।”
“আমরা সবাই জানি মুহূর্তের উত্তেজনায় কী ঘটে। কখনও কখনও মনে হবে: ‘সেই পেনাল্টি কি আসলেই ঠিক ছিল?’ কারণ এর ঠিক আগে আমরা একটি গোল করেছিলাম, যা বাতিল করা হয়েছিল। এখন আমরা রেফারির ভুল মেনে নিচ্ছি, এমনটা হয়ে থাকে। আমাদের এটা করা (মাঠ ছেড়ে যাওয়া) উচিত হয়নি, কিন্তু যা হওয়ার, তা হয়ে গেছে। এখন আমরা ফুটবলের কাছে ক্ষমা চাইছি।”
এই ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ)।
