১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পেশির চোট সমস‍্যা নিয়ে উদ্বিগ্ন নন নেইমার

বিশ্বকাপে খেলা নিয়ে সংশয়ের প্রশ্নে ব্রাজিলিয়ান তারকার পাল্টা প্রশ্ন, সমস‍্যা কী?

পেশির চোট সমস‍্যা নিয়ে উদ্বিগ্ন নন নেইমার
ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2026, 05:52 PM

Updated : 26 Aug 2026, 03:42 PM

বিশ্বকাপ দল ঘোষণার পর পাওয়া পেশির চোট নিয়ে একদমই ভাবছেন না নেইমার। ব্রাজিলের এই তারকা ফুটবলারের মনে হচ্ছে না, ওই চোট বিশ্ব আসরে তাকে কোনো সমস‍্যায় ফেলবে।

বিশ্বকাপের আগে আর সান্তোসের হয়ে খেলবেন না নেইমার। শিগগির জাতীয় দলের ক‍্যাম্পে যোগ দেবেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।

দেপোর্তিভো কুয়েঙ্কার বিপক্ষে মঙ্গলবার ৩-০ জিতেছে সান্তোস। এই ম‍্যাচে দর্শক সারিতে ছিলেন নেইমার। আসন্ন বিশ্বকাপে পেশির চোট সমস‍্যায় ফেলতে পারে কিনা, জানতে চাইলে তিনি উত্তর দেন পাল্টা প্রশ্নে, “কী সমস‍্যা?”

গত ১৭ মে কুরিচিবার বিপক্ষে ৩-০ গোলে হেরে যাওয়া ম‍্যাচে চোট পান নেইমার। তবে এটাকে বড় কিছু মনে করছেন না তিনি। তার মতে, অক্ষতই আছে পেশি।

নেইমার আত্মবিশ্বাসী হলেও সাবেক বার্সেলোনা ও পিএসজি ফরোয়ার্ডকে নিয়ে সতর্ক ব্রাজিল জাতীয় দলের চিকিৎসকরা। তারা তারকা ফরোয়ার্ডের জন‍্য সুনির্দিষ্ট পরিকল্পনা সাজিয়েছেন। 

একটি সূত্রের বরাত দিয়ে ইএসপিএন লিখেছে, নেইমারের পেশির সমস‍্যা ছোট নয় এবং সেরে উঠতে সান্তোস শুরুতে যে সময়ের কথা বলেছিল, এর চেয়ে বেশি সময় লাগতে পারে। ব্রাজিলের আসন্ন দুটি প্রীতি ম‍্যাচে তার খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ।

আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম‍্যাচ দিয়ে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের অভিযান শুরু করবে ব্রাজিল। ৭৯ গোল করে নেইমার নিজ দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। ২০২৩ সালের অক্টোবরে গুরুতর চোট পাওয়ার পর আর দেশের হয়ে খেলেননি তিনি। 

দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকলেও, উত্তর আমেরিকা আসরের ব্রাজিলের ২৬ সদস‍্যের দলে জায়গা পেয়েছেন নেইমার। সব ঠিক থাকলে এ নিয়ে চতুর্থবার বিশ্বকাপে খেলবেন তিনি।