Published : 16 Dec 2025, 11:34 AM
একবার-দুবার নয়, তিন-তিনবার এগিয়ে গিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু লিড ধরে রাখতে পারেনি কোনোবারই। শেষ পর্যন্ত জুটেছে মোটে একটি পয়েন্ট। আট গোলের তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষে তাই হতাশায় যেন ডুবে গেছেন কোচ হুবেন অ্যামুরি। তার মতে, বারবার মনোযোগ হারানোর খেসারতই দিতে হয়েছে দলকে।
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটিতে সোমবার ঘরের মাঠে বোর্নমাউথের সঙ্গে ৪-৪ গোলে ড্র করে ম্যানচেস্টার ইউনাইটেড।
ত্রয়োদশ মিনিটে আমাদ জিয়ালোর গোলে এগিয়ে যায় ইউনাইটেড। ৪০তম মিনিটে সমতায় ফেরে বোর্নমাউথ। প্রথমার্ধের যোগ করা সময়ে কাসেমিরোর গোলে আবার এগিয়ে যায় অ্যামুরির দল। দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার সমতায় ফেরে বোর্নমাউথ।
সফরকারী দলটি এগিয়ে যায় মিনিট দুয়েক পরই। ৭৭তম মিনিটে ইউনাইটেডকে সমতায় ফেরান ব্রুনো ফের্নান্দেস। দুই মিনিট পরই মাতেউস কুইয়ার গোলে আরেক দফায় এগিয়ে যায় স্বাগতিক দল। জয়টি তখন তাদের জন্য সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছিল। কিন্তু ৮৪তম মিনিটে ১৯ বছর বয়সী ফরাসি এলি জুনিয়র ক্রুপির গোলে আরেকবার ম্যাচে সমতা ফিরিয়ে উল্লাসে মেতে ওঠে বোর্নমাউথ। আর গোল হয়নি ম্যাচে।
ম্যাচের পর হতাশ কোচ অ্যামুরি তুলে ধরলেন আরেকটি ম্যাচের উদাহরণ, যেখানে মনোযোগ হারিয়ে পয়েন্ট হারাতে হয়েছিল দলকে।
“এটা সত্যিই হতাশাজনক। আমরা খুবই হতাশ।
“ফলাফল পুরোপুরি ভিন্ন হওয়া উচিত ছিল। নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে ম্যাচের মতোই (২-২ ড্র) আমরা আবার মনোযোগ হারিয়েছি এবং ওরা দুই গোল করেছে। তার পরও আমরা ঘুরে দাঁড়াতে পেরেছি, আবার দুই গোল করেছি। কিন্তু খেলাটা ভালোভাবে শেষ করতে তো হবে!”
প্রথমার্ধেই গোলে ১৭ শট নেয় ইউনাইটেড। কিন্তু গোল আদায় করতে পারে কেবল দুটি। সব মিলিয়ে ম্যাচে ২৪টি শট নেয় তারা গোলে, লক্ষ্যে থাকে ৯টি। বোর্নমাউথ গোলে ১২ শট নিয়েই লক্ষ্যে রাখে ৯টি।
অনেক দাপট দেখিয়ে এত সুযোগ তৈরি করেও জিততে না পারায় অ্যামুরির আক্ষেপ আরও বেশি।
“আমরা দাপট দেখিয়েছি এবং এত এত সুযোগ তৈরি করেছি… প্রথমার্ধ শেষ করা উচিত ছিল আরও ব্যবধান রেখে। শেষ পর্যন্ত আরও বেশি প্রাপ্য ছিল আমাদের।”
“ওল্ড ট্র্যাফোর্ডে দর্শকেরা জিততে চায় অবশ্যই। তবে তারা দলকে ভালো খেলতে দেখেও উজ্জীবিত হতে চায়। আমরা কিছু সময় তা করতে পেরেছি। ভালো পারফরম্যান্স ছিল আজকে, তবে আরও নিখুঁতভাবে শেষ করা দরকার ছিল, কারণ আমরা অনেক সুযোগ তৈরি করেছি।”
ইউনাইটেড কোচের মতে, এভাবে পয়েন্ট হারানোর কারণ যতটা না টেকনিক্যাল, তার চেয়ে অনেক বেশি মনস্তাত্ত্বিক।
“ভালো অনেক কিছুই হয়েছে আজকে। তবে কাজ করার অনেক কিছুও আছে। কখনও কখনও আমরা ম্যাচ জিততে পারছি না সূক্ষ্ন ব্যাপারগুলিতে। এটা তিনজনের রক্ষণভাগ বা চার কিংবা পাঁচজনের রক্ষণভাগের ব্যাপার নয়। বিশদ যে জায়গাগুলোয় কাজ করা প্রয়োজন, সেসবে ব্যাপার এটি। ম্যাচের মোমেন্টাম বুঝতে হবে আমাদের, আরও নিখুঁত হতে হবে।”
সবশেষে তার ভেতরের হাহাকার আবার ফুটে উঠল কণ্ঠে, “ড্রেসিং রুমে গিয়ে সরাসরিই দেখতে পাবেন, সবাই কতটা হতাশ।”
এই ড্রয়ের পর ১৬ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ছয়ে অ্যামুরির দল। ২১ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে বোর্নমাউথ।