১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এস্পানিওলের বিপক্ষে কঠিন চ‍্যালেঞ্জ দেখছেন আরবেলোয়া

লা লিগায় টিকে থাকার লড়াইয়ে থাকা এস্পানিওলকে নিয়ে সতর্ক রেয়াল মাদ্রিদ কোচ।

এস্পানিওলের বিপক্ষে কঠিন চ‍্যালেঞ্জ দেখছেন আরবেলোয়া
রেয়াল মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়া। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2026, 08:33 PM

Updated : 26 Aug 2026, 03:32 PM

লিগের শেষ পর্যায়ে এসে টিকে থাকার লড়াইয়ে থাকা দলগুলো অনেক সময় ভয়ঙ্কর হয়ে উঠে। অবনমন এড়াতে উজাড় করে দেয় নিজেদের। কখনও কখনও তারা শিরোপা লড়াইয়েও পার্থক‍্য গড়ে দেয়। শিরোপা পুনরুদ্ধারে নিজেদের ক্ষীণ আশাটুকু বাঁচিয়ে রাখতে এস্পানিওলের বিপক্ষে তেমন পরিস্থিতি এড়াতে চান আলভারো আরবেলোয়া। 

লা লিগায় রোববার এস্পানিওলের মাঠে খেলবে রেয়াল। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়। 

৩৩ ম‍্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রেয়াল। সমান ম‍্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে এস্পানিওল। ১৮ নম্বরে থাকা সেভিয়ার চেয়ে কেবল ৫ পয়েন্ট এগিয়ে আছে তারা।

সবশেষ ছয় ম‍্যাচের চারটিতে হেরেছে এস্পানিওল, ড্র করেছে দুটিতে। বেশ চাপের মধ‍্যে থাকা দলটি জয়ে ফিরতে যে মরিয়া থাকবে সেটা ভালোভাবেই বুঝতে পারছেন আরবেলোয়া। ম‍্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এস্পানিওলকে নিয়ে সাবধান থাকার কথা বললেন তিনি। 

“ভিন্ন কারণে জয় প্রয়োজন, এমন দুই দলের মধ্যে ম‍্যাচ এটা। অসাধারণ ভক্ত-সমর্থক, অসাধারণ এক দল এবং দারুণ একজন কোচকে নিয়ে এটা সবসময়ই কঠিন এক মাঠ। যদিও তাদের ভালো কাজের ছাপ নেই ফলাফেল। ওদের খেলা আমি সবসময়ই উপভোগ করি।”

নিজের ভবিষৎ কিংবা জোসে মরিনিয়োর রেয়ালে ফেরা নিয়েও কোনো ভাবনা নেই আরবেলোয়ার। তার ভাবনা জুড়ে কেবল এস্পানিওলের বিপক্ষে জয়।

“আপনার প্রশ্ন আমি বুঝতে পারছি, তবে আমার উত্তর হচ্ছে, এই মুহূর্তে ভবিষ‍্যৎ নিয়ে ভাবনা হলো কেবলই আগামীকাল, আগামী ম‍্যাচ এবং তিন পয়েন্ট অর্জন করা…এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব‍্যাপার।”