১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাফল্যের স্বীকৃতি পেল নারী হকি ও কাবাডি দল

একই অনুষ্ঠানে দুটি জাতীয় দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের আর্থিক পুরস্কার দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।

সাফল্যের স্বীকৃতি পেল নারী হকি ও কাবাডি দল
ছবি: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2026, 10:10 PM

Updated : 26 Aug 2026, 03:40 PM

আর্থিক পুরস্কার পেয়েছে বাংলাদেশ নারী হকি ও কাবাডি দল। সম্প্রতি দুটি টুর্নামেন্টে সাফল‍্যের স্বীকৃতি হিসেবে খেলোয়াড় ও কোচিং স্টাফদের প্রত্যেককে এক লাখ টাকা করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

বিমানবাহিনীর ফ্যালকন হলে শনিবার এক অনুষ্ঠানে সফল কাবাডি ও হকি দলের খেলোয়াড়দের হাতে সর্বমোট অর্ধ কোটি টাকার আর্থিক পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত বাছাই টুর্নামেন্টে রানার্সআপ হয় প্রথমবারের মতো এশিয়ান গেমসে জায়গা করে নেওয়া বাংলাদেশ নারী হকি দল। এই অর্জনের জন্য দলের প্রত্যেক খেলোয়াড়, কোচ ও ফিজিওকে এক লাখ টাকা করে পুরস্কার দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। দলের মূল পৃষ্ঠপোষক ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে দেওয়া হয় আরও এক লাখ টাকা করে।

সদ্য সমাপ্ত এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ পদক জয়ী বাংলাদেশ নারী কাবাডি দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের প্রত্যেককে এক লাখ টাকা করে পুরস্কার দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। 

অনুষ্ঠানে ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা রহমান। 

পুরস্কার পেয়ে আপ্লুত কাবাডি দলের অধিনায়ক শ্রাবণী মল্লিক। তিনি বলেছেন, এই পুরস্কার ও সম্মাননা তাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে এবং আগামীতে বিশ্বমঞ্চে দেশের পতাকাকে আরও উঁচিয়ে ধরতে পুরো দল জানপ্রাণ দিয়ে লড়ে যাবে।

আর্থিক সম্মাননা পাওয়ার পর নারী হকি দলের অধিনায়ক অর্পিতা পাল বলেন, ভবিষ্যতে দেশের হয়ে খেলতে চান অলিম্পিকে।