১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

জার্মান কোচের দুঃখ প্রকাশ

ইউলিয়ান নাগেলসমান বলেছেন, নর্দার্ন আয়াল্যান্ড ম্যাচের পর তার করা মন্তব্য কাউকে অসম্মানের উদ্দেশ্যে ছিল না।

জার্মান কোচের দুঃখ প্রকাশ
জার্মানির কোচ ইউলিয়ান নাগেলসমান। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2025, 05:52 PM

Updated : 26 Aug 2026, 02:28 PM

নর্দার্ন আয়ারল্যান্ডের খেলার ধরন নিয়ে ইউলিয়ান নাগেলসমানের মন্তব্য ঘিরে চলছে আলোচনা-সমালোচনা। প্রতিপক্ষকে অসস্মান করার অভিযোগ উঠছে জার্মানির কোচের বিরুদ্ধে। নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে নাগেলসমান বলেছেন, কাউকে অসম্মান করার কোনো উদ্দেশ্য ছিল না তার।

গত সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে নর্দার্ন আয়ারল্যান্ডকে ৩-১ গোলে হারায় জার্মানি। জয়ের পর নাগেলসমান বলেছিলেন, মাইকেল ও’নিলের দল ‘অনেক লম্বা পাসে খেলে’ এবং তাদের খেলার এই ধরন কিছুটা ‘দৃষ্টিকটু।’ 

নাগেলসমানের ওই মন্তব্য নিয়ে তখন বয়ে যায় সমালোচনার ঝড়। এখনও চলছে চর্চা। বেলফাস্টে সোমবারের ফিরতি লড়াইয়ে নর্দার্ন আয়ারল্যান্ডের মুখোমুখি হবে জার্মানি। আগের দিন নাগেলসমানের সংবাদ সম্মেলনে ওঠে সেই প্রসঙ্গ।

“আমি কোনো ধরনের অসম্মান করতে চাইনি। বলেছিলাম, তাদের খেলা হয়তো দেখতে সুন্দর নয়, কিন্তু গুরুত্বপূর্ণ ও আসল যে বিষয়টি উল্লেখ করেছিলাম তা হলো, তারা এটা খুব ভালোভাবে করেছে। তারা পরিকল্পনা নিয়ে লম্বা পাসে খেলে।”

“ওদের দলের মানসিকতা দারুণ, আর আমি এটাও বলেছি যে, এই দলকে হারানো খুব কঠিন। তারা খুব বেশি গোল হজম করে না, আর এই ঘরানার ফুটবল খেলে, সেট-পিস থেকেও তারা অনেক সুযোগ তৈরি করে। তাই যদি কেউ আমার কথায় অসম্মান বোধ করে, সেটার জন্য আমি দুঃখিত। অসম্মান করার উদ্দেশ্যে এমনটা বলিনি, বরং তাদের খেলার ধরনকে সম্মান জানিয়েই বলেছি।”

‘এ’ গ্রুপে ৩ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জার্মানি। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে নর্দার্ন আয়ারল্যান্ড দ্বিতীয় স্থানে।