১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘আমি চাই না কেউ চলে যাক, সব খেলোয়াড়কে আমার দরকার’

মার্ক কাসাদো ও ফের্মিন লোপেস বার্সেলোনাতেই রয়ে যাবেন বলে আশাবাদী কোচ হান্সি ফ্লিক।

‘আমি চাই না কেউ চলে যাক, সব খেলোয়াড়কে আমার দরকার’
বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2025, 07:02 PM

Updated : 26 Aug 2026, 01:37 PM

গ্রীষ্মের দলবদলের শেষ সময়ে এসে দলের কোনো খেলোয়াড়কে হারাতে চান না হান্সি ফ্লিক। মার্ক কাসাদো ও ফের্মিন লোপেসের ক্লাব ছাড়ার গুঞ্জন প্রসঙ্গে বার্সেলোনা কোচ বললেন, এই দুই মিডফিল্ডার কাম্প নউয়ে রয়ে যাবেন বলেই মনে করেন তিনি। 

গত মৌসুমে বার্সেলোনার তিন শিরোপা জয়ে অবদান রাখেন ডিফেন্সিভ মিডফিল্ডার কাসাদো ও অ্যাটাকিং মিডফিল্ডার ফের্মিন। এই দুজনের ক্লাব ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছে বেশ কিছু দিন ধরে।

লা লিগায় লেভান্তের বিপক্ষে ম্যাচ সামনে রেখে শুক্রবার সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, কঠিন এই মৌসুমে এখনকার সব খেলোয়াড়কে ধরে রাখতে চান তিনি। 

“তার (কাসাদো) সঙ্গে কথা বলেছি আমি, সে যেতে চায় না। আমি চাই সে থাকুক। কঠিন একটি মৌসুম হতে যাচ্ছে এবং আমাদের এখনকার সকল খেলোয়াড়কে প্রয়োজন। সে আমাদের আত্মবিশ্বাস জোগায়, আর তার কাছ থেকে এটাই আমি চাই। আমরা অনেক কিছু অর্জন করতে চাই এবং সে কারণেই আমাদের সকল খেলোয়াড়কে প্রয়োজন।”

“এখন কোনো খেলোয়াড় হারাতে চাই না। ফের্মিনের মানের একজন খেলোয়াড়ের প্রয়োজন আছে আমাদের। গত মৌসুম ও এই মৌসুমের শুরুতে সে খুব ভালো করেছে। তাকে ও বাকিদের নিয়ে আমি খুশি, তাদের সবাইকে ধরে রাখতে চাই।”