Published : 11 Feb 2025, 07:27 PM
ব্রুনো ফের্নান্দেসের একটি মন্তব্যের সূত্র ধরে তার ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া জল্পনা-কল্পনা থামানোর চেষ্টা করলেন এরিক টেন হাগ। ম্যানচেস্টার ইউনাইটেড কোচ বললেন, ওল্ড ট্র্যাফোর্ডে সুখে আছেন পর্তুগিজ তারকা মিডফিল্ডার।
গত সপ্তাহে ডিএজেডএনের সঙ্গে একটি সাক্ষাৎকারে ফের্নান্দেস বলেন, আসন্ন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পর নিজের ভবিষ্যৎ নিয়ে ভাববেন তিনি এবং তিনি ও ক্লাব চাইলেই কেবল ইউনাইটেডে থাকবেন।
অধিনায়কের ওই মন্তব্যের ব্যাপারে ইউনাইটেড কোচ টেন হাগ সাংবাদিকদের বলেন, আমি জানি ম্যানচেস্টার ইউনাইটেডে থাকতে পেরে সে খুব খুশি। ডাচ কোচ চান, চুক্তির মেয়াদ অর্থাৎ ২০২৬ পর্যন্ত প্রিমিয়ার লিগের সফলতম দলটির হয়েই খেলুক পর্তুগিজ মিডফিল্ডার।
“ব্রুনো ফের্নান্দেস অনেক খেলোয়াড়ের জন্য খুব ভালো উদাহরণ। সে সত্যিকারের লড়াকু। গত মৌসুমে (এফএ কাপ) সেমি-ফাইনালে ব্রাইটনের বিপক্ষে সে গোড়ালির গাঁটের চোট নিয়ে খেলেছিল। এটা অবিশ্বাস্য।”
“সে দৌড়াতে পারছিল না তবুও মাঠে ছিল। সে সবসময়ই খেলতে প্রস্তুত থাকে। সবসময়ই কাজটা করে এবং দলে প্রাণশক্তি যোগায়। সাফল্যের জন্য এই ধরনের রসদ খুব প্রয়োজন।”
৩৪ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে অষ্টম স্থানে আছে ইউনাইটেড। সোমবার ১৪ নম্বরে থাকা ক্রিস্টাল প্যালেসের মাঠে খেলবে দলটি।